


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রতি বছর ছবিটা এক। বারবার আমজনতাকে লাইনে দাঁড় করাচ্ছে নরেন্দ্র মোদির সরকার। বছর বদলালেও লাইনে দাঁড়ানোর ছবিতে কোনো বদল হচ্ছে না। সাধারণ মানুষকে যাঁরা লাইনে দাঁড় করাচ্ছে, সেই কেন্দ্রের বিজেপি সরকারের কাজে চরম ক্ষুব্ধ বাংলার মানুষ। ছব্বিশের বিধানসভা নির্বাচনে বাংলার মানুষ ভোটের লাইনে দাঁড়িয়ে বিজেপিকে যোগ্য জবাব দেবেন। এমনটাই দাবি করেছে তৃণমূলের।
এখন অপরিকল্পিত এসআইআরের কারণে দুর্বিষহ পরিস্থিতি তৈরি হয়েছে। চূড়ান্ত হয়রানি হতে হচ্ছে ভোটারদের। এই অভিযোগ নির্বাচন কমিশনের বিরুদ্ধে উঠেছে। যা নিয়ে রাস্তায় নেমে কেন্দ্রের বিজেপি সরকার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল। এই আবহে রান্নার গ্যাসের দাম বৃদ্ধি ও সিলিন্ডারের সংকটের কারণে সাধারণ মানুষের দুর্বিষহ অবস্থা আরো বাড়িয়ে তুলেছে কেন্দ্র। এই অভিযোগ তুলে মোদি সরকার বিরোধী আন্দোলনকে সপ্তমে নিয়ে যাচ্ছে বাংলার শাসক দল। রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে আগামী সোমবার পথে নামছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের পক্ষ থেকে স্পষ্টভাবে বলা হয়েছে, রান্নার গ্যাসে আকাশছোঁয়া মুল্যবৃদ্ধি ও বাণিজ্যিক গ্যাস সরবরাহে কেন্দ্রের হঠকারী সিদ্ধান্তে সাধারণ মানুষের হয়রানির প্রতিবাদে মহা মিছিল। সোমবার মমতার প্রতিবাদ মিছিল হবে কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত। ওই মিছিল থেকে বাংলার বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার ঠিক আগে মোদি সরকার বিরোধী আওয়াজ উচ্চগ্রামে মমতা নিয়ে যাবেন, এমনটাই অনুমান রাজনৈতিক মহলের।
তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে, মোদি সরকারের পক্ষ থেকে সাধারণ মানুষকে লাইনে দাঁড় করানোর ঘটনা নতুন নয়। ২০১৬ সালে নোটবন্দির সময় দেশের মানুষকে লাইনে দাঁড় করিয়েছিল কেন্দ্র। নোটবন্দির ওই সময় ১৪০ জনের উপর মানুষ মারা গিয়েছিলেন। পরবর্তী সময়ে ২০১৯-২০ সালে করোনার সময় অপরিকল্পিত লকডাউনের কারণে ফের মানুষকে লাইনে দাঁড় করায় কেন্দ্র। হাজার হাজার কিলোমিটার রাস্তা দিয়ে হাঁটতে গিয়ে মৃত্যু হয়েছিল পরিযায়ী শ্রমিকদের। এমনকি রেললাইনের উপর হেঁটে আসার সময় ট্রেনের ধাক্কায় প্রাণ হারান বহু পরিযায়ী শ্রমিক। পরবর্তীতে ২০২৫-২০২৬ সালে এসআইআর আরও মারাত্মক প্রভাব ফেলে। ভোটার তালিকা থেকে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার ভূরি ভূরি অভিযোগ উঠেছে। আতঙ্কে বুথ লেভেল অফিসার থেকে ভোটারের মৃত্যুর ঘটনা সামনে এসেছে। ১৭২ জনের বেশি বাংলার মানুষের অপরিকল্পিত এসআইআরে প্রাণ গিয়েছে বলে তথ্য সামনে এসেছে। আর এবার ২০২৬ সালে গ্যাস সিলিন্ডার নিয়ে ফের মানুষকে লাইনে দাঁড় করিয়েছে কেন্দ্র।
বৃহস্পতিবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, একদিকে রান্নার গ্যাসে ৬০ টাকা বাড়িয়েছে কেন্দ্র। তার উপর গ্যাস সিলিন্ডারের সংকট। ১০-১২ বছর ধরে মানুষকে শুধু লাইনে দাঁড় করাচ্ছে মোদি সরকার। কেন্দ্রের সরকারের সুদিনের প্রতিশ্রুতি উধাও। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তন্ময় ঘোষ বলেন, মানব বিরোধী মোদি সরকার। ওরা আসলে মানুষকে লাইনে দাঁড় করানোর সরকার। এবার ভোটের লাইনে দাঁড়িয়ে ইভিএমের মাধ্যমে বিজেপিকে যোগ্য জবাব দেবে বাংলার মানুষ।