


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চলতি বছরে এখনও পর্যন্ত রাজ্যে ১২৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ২ হাজারের বেশি। স্বাস্থ্যদপ্তর সূত্রে এই খবর জানা গিয়েছে। তবে দপ্তরের পদস্থ কর্তারা জানিয়েছেন, দু’টি রোগই নিয়ন্ত্রণে আছে। স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় একাধিক বৈঠক করেছেন। বৈঠক করেছেন মুখ্যসচিব মনোজ আগরওয়ালও। জেলাশাসক এবং সিএমওএইচদের সতর্ক থাকতে বলা হয়েছে। পরিষ্কার- পরিচ্ছন্নতা, নজরদারি, সময়ে টেস্ট, প্রয়োজনে ভরতি এবং প্রোটোকল মেনে চিকিৎসায় জোর দিতে বলা হয়েছে। স্বাস্থ্যকর্তাদের দাবি, গত বছর এই সময়ে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছিল। তিন হাজার পার করে গিয়েছিল আক্রান্তের সংখ্যা। সেদিক থেকে এবারের পরিস্থিতি তুলনামূলক স্বস্তিদায়ক। এদিকে, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ মহল সূত্রে জানা গিয়েছে, এখন যে ধরনের করোনায় মানুষ আক্রান্ত হচ্ছে, সেটি প্রায় নির্বিষ ওমিক্রন প্রজাতির। দিল্লি এইমস, কল্যাণীর এনআইবিএমজি প্রভৃতি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান এই নয়া করোনার চরিত্র বুঝতে সেরোটাইপিং করেছিল। আগের তুলনায় তাৎপর্যপূর্ণ কোনো পরিবর্তন ঘটেনি। তবে আগে থেকে অ্যাজমা ও শ্বাসকষ্টের সমস্যা বা বিভিন্ন কো-মরবিডিটি (সুগার, প্রেশার ইত্যাদি) থাকলে সবিশেষ সতর্ক থাকা জরুরি বলে জানিয়েছেন তাঁরা। করোনার পাশাপাশি অনেকেই এইচ১এন১ বা সোয়াইন ফ্লু সহ বিভিন্ন ধরনের ইনফ্লুয়েঞ্জাতে আক্রান্ত হচ্ছেন। ডেঙ্গুতে গত বছরের মতো এবারও মুর্শিদাবাদ, মালদহ এবং উত্তর ২৪ পরগনায় আক্রান্তের সংখ্যা বেশি।