


রায়পুর: ট্রাক ও ট্রেলারের সংঘর্ষে মৃত্যু ১৩ জনের। নিহতদের মধ্যে ৪ জন শিশু। বাকি ন’জন মহিলা। রবিবার গভীর রাতে ছত্তিশগড়ের রায়পুরে এই মর্মান্তিক দুর্ঘটনায় আহত ১৪ জন। জানা গিয়েছে, একটি পারিবারিক অনুষ্ঠান থেকে ট্রাকে চেপে ফিরছিলেন ৩৫ জন। তাঁদের মধ্যে বেশিরভাগই একই পরিবারের সদস্য। ট্রাকটি রায়পুর-বালোদাবাজার রোড হয়ে সারাগাঁও পৌঁছলে বিপরীত দিক থেকে সেটিতে ধাক্কা মারে একটি ট্রেলার। মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় ১৩ জনের। তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা। প্রাথমিকভাবে তাঁরাই উদ্ধার কাজ শুরু করেন। খবর পেয়েই তড়িঘড়ি পৌঁছয় পুলিস। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা স্থিতিশীল। মৃতদেহগুলি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। তবে কীভাবে দুর্ঘটনা ঘটল, তা স্পষ্ট নয়। মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিস। মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই ঘটনায় শোকপ্রকাশ করেছেন। নিহতদের পরিবারপিছু পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন তিনি।