


মুম্বই, ১৫ এপ্রিল: মহারাষ্ট্রের অমরাবতীতে অন্তত ১৮০ জন নাবালিকাকে প্রেমের জালে ফেলে যৌন শোষণ এবং ৩৫০টিরও বেশি অশ্লীল ভিডিও তৈরির অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্তের নাম আয়ান আহমেদ(১৯)। পারাতওয়াড়া শহরের বাসিন্দা সে। বিজেপি সাংসদ অনিল বোনডের অভিযোগের ভিত্তিতেই দ্রুত প্রদক্ষেপ নেয় পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে অমরাবতীর পারাতওয়াড়া এলাকায় অভিযুক্তের খোঁজে হানা দেয় তদন্তকারীরা। সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে একাধিক নাবালিকাদের সঙ্গে সমাজমাধ্যমে বন্ধুত্ব করে তাদের প্রেমের ফাঁদে ফেলত অভিযুক্ত। এরপর নাবলিকাদের মুম্বই ও পুনেতে নিয়ে গিয়ে অশ্লীল ভিডিও তৈরি করে ব্ল্যাকমেল করত আয়ান। তৈরি করা ভিডিওগুলি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হত বলে জানা যায় পুলিশের তরফে। ছড়িয়ে দেওয়া ভিডিওগুলির মধ্যে কিছু ভিডিও অনলাইনে দ্রুত ভাইরাল হয়ে যায়। গ্রেপ্তার করার পর অভিযুক্তকে আদালতে পেশ করা হয়, যেখানে তাঁকে সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। আয়ানের ফোন বাজেয়াপ্ত করেছে সাইবার সেল। তা পাঠানো হয়েছে ফরেন্সিক পরীক্ষার জন্য। ভিডিওগুলি যাতে আরও না ছড়িয়ে পড়ে তা খতিয়ে দেখছে সাইবার সেল।