


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দেশের মোট ১৮৭ জন সাংসদ এবং বিধায়কের বিরুদ্ধে মহিলাদের উপর সংগঠিত অপরাধ সংক্রান্ত মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে সাংসদের সংখ্যা ১৯ (১৫ জন লোকসভা ও ৪ জন রাজ্যসভার সদস্য) এবং বিধায়ক ১৬৮ জন। স্বেচ্ছাসেবী সংস্থা ‘অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্ম’ (এডিআর)-এর প্রকাশিত রিপোর্ট থেকে এই তথ্য পাওয়া গিয়েছে। সাংসদ-বিধায়করা নির্বাচনে প্রার্থী হওয়ার সময় যে হলফনামা বা এফিডেভিট পেশ করেছিলেন, তা বিশ্লেষণ করেই এই রিপোর্ট তৈরি করা হয়েছে। রিপোর্টের আরও একটি উল্লেখযোগ্য দিক হল, এমপি-এমএলএদের রাজ্যভিত্তিক তালিকায় এই নিরিখে এক নম্বরে রয়েছে পশ্চিমবঙ্গ। অর্থাৎ, পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত সাংসদ-বিধায়কদের বিরুদ্ধেই সব থেকে বেশি মহিলাঘটিত অপরাধের মামলা আছে। পশ্চিমবঙ্গের মোট ৬৩ জন বিধায়ক ও ৬ জন সাংসদের (৪ জন লোকসভার ও দুজন রাজ্যসভার সদস্য) বিরুদ্ধে মহিলা সংক্রান্ত মামলা রয়েছে।
বিধায়কদের নিরিখে দ্বিতীয় স্থানে আছে অন্ধ্রপ্রদেশ (২১ জন)। তেলেঙ্গানার ৩ জন লোকসভা সদস্য ও কেরলের ২ জন লোকসভা সদস্যর বিরুদ্ধে মামলা আছে। মোট যে চারজন রাজ্যসভা সদস্যের বিরুদ্ধে মহিলাঘটিত মামলা আছে, তার মধ্যে বাকি দু’জন অন্ধ্র্রপ্রদেশ ও মহারাষ্ট্রের। অর্থাৎ রাজ্যভিত্তিক হিসাবে পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত এমএলএ, এমপি (লোকসভা ও রাজ্যসভা)-দের বিরুদ্ধে সর্বাধিক মহিলাঘটিত মামলা বিচারাধীন রয়েছে।
এই রিপোর্ট বলছে, দেশে মোট ১২ জন বিধায়ক ও ২ জন লোকসভা সদস্যের বিরুদ্ধে রয়েছে ধর্ষণের অভিযোগ। পশ্চিমবঙ্গ ও মধ্যপ্রদেশের দুজন করে বিধায়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আছে। যে দুজন লোকসভা সদস্যের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আছে, তাঁদের মধ্যে একজন পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত । অন্যজন নির্বাচিত হয়েছেন তেলেঙ্গানা থেকে।
দলগতভাবে দেখা যাচ্ছে, মহিলাদের বিরুদ্ধে হওয়া অপরাধে অভিযুক্ত সাংসদ-বিধায়কের ক্ষেত্রে এক নম্বরে আছে বিজেপি। এই দলের ৮৫ জন এমএলএ এবং ১১ জন এমপি (১০ জন লোকসভার ও ১ জন রাজ্যসভার)-এর বিরুদ্ধে এ সংক্রান্ত মামলা আছে। দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে যথাক্রমে কংগ্রেস ও তেলেগু দেশম। দুই দলের যথাক্রমে ২০ ও ১৭ জন এমপি-এমএলএর বিরুদ্ধে মামলা আছে। এর মধ্যে একজন কংগ্রেসের লোকসভা সদস্য। ডেমোক্র্যাটিক তৃণমূল কংগ্রেসের ৩ জন বিধায়কের বিরুদ্ধে রয়েছে মহিলাঘটিত অপরাধের মামলা। বিজেপির ২ জন লোকসভা সদস্য ও ২ জন এমএলএর বিরুদ্ধে ধর্ষণের মামলা আছে। কংগ্রেসের চারজন বিধায়ক এবং ডেমোক্র্যাটিক তৃণমূল কংগ্রেসের একজন বিধায়কের বিরুদ্ধে ধর্ষণের মামলা আছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।