


সংবাদদাতা, কল্যাণী: ঝুঁকিপূর্ণ চিকিৎসায় সাফল্য পেল অল ইন্ডিয়া ইন্সস্টিটিউট অব মেডিকেল সাইন্সেস (এইমস) কল্যাণী। হাসপাতালের ইউরোলজি বিভাগের চিকিৎসকরা ৪৫ বছর বয়সি জলপাইগুড়ির এক মহিলার শরীর থেকে ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে ১৯×১৭ সেন্টিমিটার আকারের বিশাল অ্যাড্রিনাল টিউমার অপসারণ করেছেন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, রোগীর ডানদিকে পেটে ভারীভাবের অভিযোগ ছিল। পরীক্ষায় ডান অ্যাড্রিনাল গ্রন্থিতে বিরল ও সাধারণত তেমন ক্ষতিকর নয় এমন মায়েলোলিপোমা ধরা পড়ে। এই মায়েলোলিপোমা বা টিউমার আকারে ছোট হলে অনেক সময় চিকিৎসার প্রয়োজন হয় না, শুধু পর্যবেক্ষণে রাখা হয়। তবে টিউমার খুব বড় হয়ে গেলে পেটে চাপ, ভারীভাব বা ব্যথা হতে পারে। তখন অস্ত্রোপচার করে সেটাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা।
তবে এই ক্ষেত্রে টিউমারটি ইনফেরিয়র ভেনা কাভার বা নিম্ন মহাশিরার অত্যন্ত কাছে থাকায় অস্ত্রোপচারটি ছিল জটিল। চিকিৎসক নির্মাল্য ঘোষের নেতৃত্বে ইউরোলজি বিভাগের একটি দল প্রায় ১ ঘণ্টা ৫০ মিনিটে এই অস্ত্রোপচার সম্পন্ন করে। হাসপাতালের দাবি, নথিভুক্ত চিকিৎসা ইতিহাসে ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে অপসারণ করা এটি বিরল অ্যাড্রিনাল টিউমার। চিকিৎসক নির্মাল্য ঘোষ জানিয়েছেন, অস্ত্রোপচারের পর রোগী স্থিতিশীল রয়েছেন।