


সেহোর: ফের মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত্যু। এবার বিজেপি শাসিত মধ্যপ্রদেশের সেহোর জেলার কুবেরেশ্বর ধাম। মঙ্গলবার দুপুর ১২টা নাগাদ মর্মান্তিক এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুই মহিলা পুণ্যার্থীর। এছাড়াও জখম তিনজন। পুলিস জানিয়েছে, সোমবার থেকেই পুণ্যার্থীদের ঢল নামে মন্দিরে। তাঁদের বেশিরভাগই কাঁওয়ার যাত্রী। বুধবার কুবেরেশ্বরের মন্দির থেকে তাঁদের রওনা দেওয়ার কথা। কিন্তু তার আগে থেকেই দলে দলে পুণ্যার্থীরা মন্দিরে আসতে শুরু করেন। অভিযোগ, পুরো বিষয়টির উদ্যোগ নিয়েছিলেন ধর্মীয় প্রচারক পণ্ডিত প্রদীপ মিশ্র। স্থানীয়দের দাবি, মন্দির চত্বরে প্রচুর ভিড় হওয়ায় শুরু হয়ে যায় ধাক্কাধাক্কি। এরপপই হুড়োহুড়িতে পদপিষ্ট হন অনেকেই। এরফলে দু’জন পুণ্যার্থীর মৃত্যু হয়। ঘটনার সময় প্রায় দুই লক্ষ মানুষের ভিড় ছিল মন্দিরে। মন্দির কর্তৃপক্ষ ভিড় সামলানোর জন্য উপযুক্ত ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ ভক্তদের। ঘটনার তদন্তে শুরু করেছে পুলিস। পাশাপাশি পরিস্থিতি সামাল দিতে পুলিস আধিকারিকদের সেখানে পাঠিয়েছে মধ্যপ্রদেশ সরকার।