


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২২ জুন রাজ্য বাজেটে ঘোষণা হয়ে গিয়েছিল। সেই অনুযায়ী মঙ্গলবার রাজ্য অর্থদপ্তর সরকারি কর্মী, পেনশন প্রাপক প্রভৃতির মহার্ঘ ভাতা (ডিএ) বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি করল। আগামী ১ অক্টোবর থেকে তাঁরা বাড়তি ২০ শতাংশ ডিএ পাবেন। এখন সরকারি কর্মী, পেনশনররা ১৮ শতাংশ হারে ডিএ পান। অর্থাৎ, ১ অক্টোবর থেকে তাঁরা পাবেন মোট ৩৮ শতাংশ হারে ডিএ। সরকারি আর্থিক অনুদানে চলা বিভিন্ন প্রতিষ্ঠানের (গ্রান্ট-ইন-এইড) কর্মী ও অবসরপ্রাপ্ত পেনশন ও ফ্যামিলি পেনশন প্রাপকরাও এই বর্ধিত হারে ডিএ পাবেন তা বিজ্ঞপ্তিতে উল্লেখ করে দেওয়া হয়েছে। এর মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান, পঞ্চায়েত-পুরসভা, স্বশাসিত সংস্থা প্রভৃতি আছে। সরকারি দপ্তরে যাঁরা দৈনিক মজুরির ভিত্তিতে পারিশ্রমিক পান, তাঁদেরও ১ অক্টোবর থেকে দিনে ১১০ টাকা হারে বাড়বে।
এই বৃদ্ধির পরেও কেন্দ্রীয় সরকারি কর্মীরা সর্বভারতীয় মূল্যসূচক অনুযায়ী এখন যে ৬০ শতাংশ হারে ডিএ পান, তার সঙ্গে রাজ্য কর্মীদের ২২ শতাংশ ফারাক থাকবে। কেন্দ্রীয় কর্মীদের অবশ্য কয়েক মাসের মধ্যে থেকে আরও এক কিস্তি বর্ধিত ডিএ যোগ হওয়ার কথা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই জানিয়েছেন, বাকি বকেয়া ডিএ’ও দেওয়া হবে। তবে তার কোনো সময়সীমা তিনি দেননি। সরকারি কর্মী সংগঠনগুলির বক্তব্য, সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী, নতুন বেতন হার কার্যকর করার আগে কেন্দ্রীয় হারে ডিএ দিতেই হবে রাজ্য সরকারকে। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী ইঙ্গিত দিয়েছেন, চলতি অর্থবর্ষে, অর্থাৎ আগামী মার্চ মাসের মধ্যেই সপ্তম বেতন কমিশনের সুপারিশ কার্যকর হতে পারে। বাকি বকেয়া ডিএ রাজ্য সরকারি কর্মীরা এক না একাধিক দফায় পাবেন, সেটাও দেখার বিষয়।