


বার্সেলোনা: ঐতিহ্যশালী ওয়েম্বলি স্টেডিয়ামকে পিছনে ফেলে ২০২৯ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের ভেন্যু হিসাবে বার্সেলোনার ক্যাম্প ন্যু’কে বেছে নিল উয়েফা। মঙ্গলবার কার্যনিবাহী সমিতির বৈঠকে এমনই সিদ্ধান্ত নিয়েছে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। একইসঙ্গে ২০২৮ সালের ইউরোপ সেরার খেতাবি লড়াই আয়োজিত হবে মিউনিখের অ্যালায়েঞ্জ এরিনায়। মূলত ২০৩০ বিশ্বকাপের কথা মাথায় রেখেই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ক্যাম্প ন্যু’য়ে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছেন উয়েফা কর্তারা। ১৯৯৯ সালে শেষবার ইউরোপ সেরার খেতাবি লড়াই আয়োজিত হয়েছিল এই স্টেডিয়ামে। তিন দশক বাদে ফের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের আয়োজক তারা। উল্লেখ্য, পরবর্তী বিশ্বকাপের আসর বসবে স্পেন, পর্তুগাল ও মরক্কোয়। মেগা আসরের ফাইনাল আয়োজনের দৌড়ে এগিয়ে মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যু। তবে নতুন করে গড়ে তোলা হয়েছে ক্যাম্প ন্যু’কে। দর্শকাসন ১ লক্ষ ১৫ হাজার। তাই বিশ্বকাপের ফাইনালে আয়োজনের ক্ষেত্রে তারাও প্রবল দাবিদার। তার আগে চ্যাম্পিয়ন্স লিগের খেতাবি লড়াই আয়োজন করতে চাইবেন উয়েফা কর্তারা।