


ভোপাল, ২৩ ফেব্রুয়ারি: এ যেন একেবারে সিনেমার প্লট। স্নুকার ক্লাবে এক কিশোরকে ঘিরে আরও দুই কিশোর। কেউ কিছু বোঝার আগেই দুই কিশোর আর এক জনের উপর একের পর এক ছুরির কোপ চালাতে থাকে। মাত্র ৩০ সেকেন্ডে ২৭ টা কোপ চালায় তারা। এর পর আক্রমনকারী কিশোররা ক্লাব থেকে বেড়িয়ে যায়। তিন কিশোরই পূর্ব পরিচিত। ঘটনাটি ঘটেছে ভোপালের গনেশ চকের একটি স্নুকার ক্লাবে। গুরুতর জখম অবস্থায় ক্লাস টেনের কিশোরটিকে ভর্তি করা হয় হাসপাতালে।
পুলিসের প্রাথমিক তদন্তে উঠে এসেছে ওই ক্লাস টেনের ছাত্রটির কব্জিতে ১০টিরও বেশি ক্ষত রয়েছে। কাঁধে ও পিঠে গুরুতর আঘাত রয়েছে। বাদ দিতে হয়েছে একটি হাতের দুটি আঙুল। আক্রান্ত কিশোর গৌতম নগর থানা এলাকার বাসিন্দা। নিয়মিত সে ওই স্নুকার ক্লাবে যেত। যে ক্লাবে আসত হামলাকারী কিশোররাও। কয়েকদিন আগে স্নুকার খেলা নিয়ে তিন কিশোরের মধ্যে ঝামেলা হয়েছিল। হামলাকারীদের চড় মারে আক্রান্ত কিশোর। তার বদলা নিতেই একেবারে ছুরি নিয়ে চলল নৃশংস হামলা।
পুলিশ দুই কিশোরকে আটক করলেও আপাতত নোটিস দিয়ে ছাড়া হয়েছে তাদের। তবে শহর ছাড়তে নিষেধ করা হয়েছে।