


জয়পুর: সরকারি স্কুলে মিড ডে মিলের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ল ২৭ পড়ুয়া। এদের মধ্যে ২১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা এখন স্থিতিশীল বলে খবর। সোমবার ঘটনাটি ঘটেছে ডবল ইঞ্জিন সরকার শাসিত রাজস্থানে। স্থানীয় সূত্রে খবর, রাজস্থানের কোটা জেলার পুনিয়া ডেবলি গ্রামে গভর্নমেন্ট আপার প্রাইমারি স্কুলে সোমবার মিড ডে মিলের খাবার বিতরণ করা হয়। তা খাওয়ার প্রায় দু’ঘণ্টা পর বহু পড়ুয়ার বমি বমি ভাব, বমি, পেটে ব্যথা এবং মাথা ঘোরার মতো উপসর্গ দেখা দেয়। খাদ্যে বিষক্রিয়া থেকেই এই অবস্থা বলে অনুমান। স্কুলের প্রিন্সিপাল চন্দ্র প্রকাশ বলেন, অসুস্থ পড়ুয়াদের চিকিৎসার জন্য কোটা শহরে আনা হয়। এদের মধ্যে ১৭ জনকে সরকারি নিউ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বাকি চারজনের চিকিৎসা চলছে বেসরকারি হাসপাতালে। ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার (ডিইও) রূপ সিং মিনা হাসপাতালে গিয়ে পড়ুয়াদের চিকিৎসা নিয়ে খোঁজখবর নেন। রাজস্থানের মন্ত্রী মদন দিলওয়ারও হাসপাতালে গিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, ঘটনা নিয়ে তদন্ত শুরু হয়েছে। গরমিলের প্রমাণ মিললে দোষীদের কঠোর শাস্তি দেওয়া হবে।