


সংবাদদাতা, বোলপুর: পুলিসের চোখে ধুলো দিতে এবার অ্যাম্বুলেন্সে লুকিয়ে গাঁজা পাচারের চেষ্টা করল পাচারকারীরা। তবে শেষরক্ষা হয়নি। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে সেই গাড়ি আটকে ২৫কেজি গাঁজা উদ্ধার করল ইলামবাজার থানার পুলিস। তবে পাচারের কৌশল দেখে তাজ্জব হয়ে গিয়েছে পুলিস। এক পুলিস আধিকারিক জানান, সূত্র মারফত গাঁজা পাচারের খবর না পেলে এই গাড়িতে গাঁজা পাচার হচ্ছে বলে কোনওভাবেই বোঝা সম্ভব ছিল না। তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার অভিযুক্তদের সিউড়ি আদালতে তোলা হলে বিচারক পাঁচদিন পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছেন।
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কলকাতা থেকে প্রায় দু’লক্ষ টাকার এই গাঁজা ইলামবাজার হয়ে বোলপুরে ডেলিভারি করার ছক ছিল পাচারকারীদের। এরপর বোলপুর থেকে লাভপুর হয়ে মুর্শিদাবাদে ফিরে যাওয়ার ছক ছিল পাচারকারীদের। তারা ওই অ্যাম্বুলেন্সে ২৫কেজি গাঁজা লুকিয়ে নিয়ে যাচ্ছিল। কিন্তু গোপন সূত্রে খবর পেয়ে ইলামবাজারের জঙ্গল সংলগ্ন ধল্লা গ্রামে আগে থেকেই ওত পেতে ছিল পুলিস। স্পেশাল অপারেশন গ্রুপ মারফত ওই গাড়ির লোকেশন ট্র্যাক করেও রাখা হয়েছিল। অ্যাম্বুলেন্স আসতেই পুলিস তাদের আটকায়। কিন্তু প্রাথমিকভাবে গাড়ি তল্লাশি করে গাঁজা পাওয়া যায়নি। তাতে অভিযুক্তরা পুলিসের সঙ্গে হম্বিতম্বিও শুরু করে। কিন্তু গাঁজা ওই অ্যাম্বুলেন্সেই রয়েছে বলে খবর থাকায় পুলিস গাড়ির বিভিন্ন অংশ ঠুকে দেখতে শুরু করে। ফাঁপা আওয়াজ পেয়ে গাড়ির নীচে নকল ক্যাবিনেট বসানো হয়েছে বলে বুঝতে পারে পুলিস। তা বের করতেই ২৫ কেজি গাঁজা উদ্ধার হয়। তল্লাশি অভিযানের সময় ম্যাজিস্ট্রেট হিসেবে ঘটনাস্থলে ছিলেন ইলামবাজারের বিডিও অনির্বাণ মজুমদার। অভিযুক্ত তিন পাচারকারী বিশ্বজিৎ দেবনাথ, রাম হালদার ও সুশান্ত মালাকারকে গ্রেপ্তার করেছে পুলিস। বিশ্বজিতের বাড়ি কাটোয়া। রামের বাড়ি মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ ও সন্তোষের বাড়ি ইলামবাজার থানা এলাকায়।
গাড়িতে গাঁজা পাচারের ঘটনা নতুন নয়। এর আগেও শববাহী গাড়ি ব্যবহার করে গাঁজা পাচারের চেষ্টা হয়েছিল। তা আটকে বোলপুর থানার পুলিস বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছিল। ফের অ্যাম্বুলেন্সে পাচারের ঘটনা ধরা পড়ায় জেলায় গাঁজা চক্র নিয়ে উদ্বেগ বাড়ছে। দুষ্কৃতীরা পুলিসকে ফাঁকি দিতে পাচারের কৌশল পাল্টাচ্ছে। জেলার পুলিস সুপার আমনদীপ বলেন, ইলামবাজারের ঘটনা প্রমাণ করেছে কড়া নজরদারি থাকলে এই চক্র ভাঙা সম্ভব। আগামী দিনেও এরকম অভিযান চলবে। -নিজস্ব চিত্র