


শ্রীনগর: হঠাৎ বন্যার জেরে বিধ্বস্ত জম্মু ও কাশ্মীরের রামবন জেলা। রবিবার সকালে আচমকাই বন্যার জেরে ভূমিধসে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার রামবনের ধর্মকুণ্ড এলাকায়। ভূমিধস ও বন্যার কবলে পড়ে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৩ জন। নিখোঁজ রয়েছেন আরও বেশ কয়েকজন। অন্যদিকে ক্ষতিগ্রস্ত হয়েছে অজস্র ঘর-বাড়ি। স্থানীয় ও পুলিস সূত্রে দাবি, ধসের জেরে বহু মানুষ এখনও নিজেদের বাড়িতে আটকে রয়েছে। তাঁদের উদ্ধারের জন্য অভিযান চলছে।
জানা গিয়েছে, রবিবার সকালে মেঘভাঙা বৃষ্টির জেরে হঠাৎ করেই নদীর জল বাড়তে শুরু করে ও বন্যা দেখা যায়। ব্যাপক বৃষ্টির জেরে হয় ভূমিধসও। ফলে পরিস্থিতির দ্রুত অবনতি ঘটতে শুরু করে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রামবন জেলার ধর্মকুণ্ডে চেনাব সেতুর কাছ থেকে জল ঢুকতে শুরু করে। ফলে গ্রামে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বেলা ১২টা পর্যন্ত বন্যার জেরে প্রায় ১৫০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। আটকে রয়েছেন প্রায় ১০০ মানুষ। এছাড়া, বন্ধ রয়েছে শ্রীনগর-জম্মু জাতীয় সড়কও।
আবহাওয়া খারাপ থাকার জেরে রামবন জেলার ডেপুটি কমিশনার জনগণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। যে কোনও জরুরি পরিস্থিতিতে ০১৯৯৮-২৯৫৫০০, ০১৯৯৮ -২৬৬৭৯০ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।