


সংবাদদাতা, শীতলকুচি: জমিতে সেচের পাইপ বসাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল তিনজন শ্রমিকের। আজ, সোমবার মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার শীতলকুচি ব্লকের ষোলোচালা এলাকায়। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয়রা জানিয়েছেন, এদিন বোরো খেতের জমিতে সেচের পাইপ বসাতে গিয়ে উপরে থাকা হাই ভোল্টেজ তারের সংস্পর্শে এসে আচমকাই বিদ্যুৎপৃষ্ট হন তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শীতলকুচি থানার পুলিস। তাঁদের উদ্ধার করে শীতলকুচি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে তিনজনকেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শীতলকুচি থানার ওসি অ্যান্থনি হোড়ো জানান, দেহগুলি ময়নাতদন্তের জন্য ইতিমধ্যেই মাথাভাঙ্গা মর্গে পাঠানো হয়েছে। ঘটনার যথাযথ তদন্ত করা হবে।