


মাদ্রিদ: মরক্কো থেকে স্পেনের দক্ষিণ আফ্রিকান ভূখণ্ড সিউটাতে ঢুকে পড়েছে প্রায় ৬০ হাজার শরণার্থী। তাও মাত্র ২৪ ঘণ্টায়! সীমান্ত পেরনোর সময় প্রাণ গিয়েছে অন্তত ৫৭ জনের। প্রশাসন সূত্রে এমনই খবর মিলেছে। এভাবে কাতারে কাতারে শরণার্থীদের প্রবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো স্যানচেজ। শরণার্থীদের ঢলকে স্পেনের উপর ‘হামলা’ বলে উল্লেখ করেছেন তিনি। দেশবাসীকে তাঁর আশ্বাস, সমস্ত শরণার্থীকে যত দ্রুত সম্ভব মরোক্কোতে ফেরত পাঠানো হবে। স্পেনের শরণার্থী সমস্যা নিয়ে উদ্বেগ জানিয়েছে ব্রিটেন, ফ্রান্স সহ একাধিক ইউরোপীয় দেশ। সাহায্যের প্রতিশ্রুতিও দিয়েছে তারা।
জানা গিয়েছে, জিব্রাল্টার প্রণালী স্পেনের মূল ভূখণ্ড থেকে আলাদা করেছে সিউটাকে। এর অবস্থান মরক্কোর উত্তর উপকূলে। ইউরোপে প্রবেশ করার জন্য প্রায়শই সিউটাকে বেছে নেন শরণার্থীরা। কিন্তু, এবার হঠাৎই কেন কাতারে কাতারে মানুষ সেখানে পৌঁছে গেলেন? তথ্যাভিজ্ঞ মহলের মতে, এর নেপথ্যে রয়েছে স্পেনের সুপ্রিম কোর্টের একটি নির্দেশ। তাতে শীর্ষ আদালত জানিয়েছিল, সিউটা বা মেলিলা আসার পথে সমুদ্রে কোনো শরণার্থীকে আটকালে তাঁকে মরক্কোতে ফেরত পাঠানো যাবে না। তারপরই কাতারে কাতারে মানুষ সিউটাতে আসতে শুরু করেছেন বলে মনে করা হচ্ছে।
অন্য একটি সূত্রের দাবি, স্পেনের সঙ্গে মরক্কোর সম্পর্ক এখন খারাপ। সেই কারণেই মরক্কো সীমান্ত রক্ষায় কিছুটা ঢিলে দিয়েছিল। সেই সুযোগকেই কাজে লাগিয়ে হাজার হাজার শরণার্থী সীমান্ত পার করেছেন। ছবি: এএফপি