


সংবাদদাতা, উলুবেড়িয়া: বৃহস্পতিবার সাতসকালে বাগনানে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন চারজন। সিগন্যাল ভেঙে একটি লরি বেপরোয়া গতিতে এসে একটি যাত্রীবাহী বাসে ধাক্কা মারে। ঘটনাটি ঘটেছে ১৬ নম্বর জাতীয় সড়কের উপর বাগনান লাইব্রেরি মোড়ে। মৃতরা হলেন বাগনানের খালোড়ের বাসিন্দা কুণাল বসু (৩৬), পাঁচানি গুজরাতের বাসিন্দা শেখ হাসিবুল (৪৬), পানিত্রাসের বাসিন্দা ঋতম মাঝি (২১) এবং শ্যামপুরের কুলটিকারির যুবক পূর্ণেন্দু ভৌমিক (৩০)। আহত হয়েছেন কমবেশি ২৫ জন যাত্রী। তাঁদের মধ্যে গুরুতর জখম ১০ জনকে উলুবেড়িয়ার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা চিকিৎসাধীন রয়েছেন বাগনান গ্রামীণ হাসপাতালে। বাগনান থানার পুলিস মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য উলুবেড়িয়া মেডিক্যাল কলেজে নিয়ে গিয়েছে। ঘাতক লরিটিকে আটক করার পাশাপাশি চালককে গ্রেপ্তার করা হয়েছে।
এদিন সকাল ৭টা ২০ মিনিট নাগাদ বৃষ্টির মধ্যেই বাগনান বাসস্ট্যান্ড থেকে ছাড়ে বাগনান-শ্যামবাজার রুটের বাসটি। সাড়ে ৭টা নাগাদ জনা চল্লিশ যাত্রী নিয়ে লাইব্রেরি মোড়ে আসার পর সিগন্যাল খোলা থাকায় চালক বাসটিকে জাতীয় সড়ক পার করে কলকাতামুখী রাস্তায় নিয়ে যাওয়ার চেষ্টা করলে কোলাঘাটগামী লরিটি সরাসরি এসে ধাক্কা মারে ওই বাসে। সেই সময় জাতীয় সড়কের সিগন্যাল লাল ছিল। ধাক্কার অভিঘাতে বাসটি প্রায় নব্বই ডিগ্রি ঘুরে যায়। দরজার পাশে থাকা একাধিক যাত্রী ছিটকে পড়েন রাস্তায়। বাসের মধ্যে যন্ত্রণায় কাতরাতে থাকেন বহু যাত্রী। রক্তে ভেসে যায় পিচরাস্তা। রাস্তাজুড়ে তখন শুধু আর্তনাদ আর গোঙানির শব্দ। স্থানীয় বাসিন্দারাই প্রথমে উদ্ধারকাজে হাত লাগান। ওই মোড়ে কিয়স্কে থাকা পুলিস কর্মীরাও হাত লাগান তাতে। খবর পেয়ে চলে আসে বাগনান থানার পুলিস। হতাহতদের প্রথমে বাগনান গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে দু’জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। আহতদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের উলুবেড়িয়ার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। সেখানে মারা যান একজন। পরে বাগনানের একটি নার্সিংহোমে মৃত্যু হয় এক যাত্রীর।
ওই বাসেই ছিলেন বাগনান চন্দনাপাড়ার বাসিন্দা পল্লবী মণ্ডল। তাঁর কথায়, জাতীয় সড়কে সিগন্যাল লাল থাকায় বাসটি রাস্তা পার হচ্ছিল। সেই সময় বিকট আওয়াজ হয়। আমি বসেছিলাম একেবারে সামনে। তীব্র ঝাঁকুনিতে সামান্য লেগেছে। চোখের সামনে রক্তের স্রোত দেখেছি। অন্য যাত্রীরা রীতিমতো কাতরাচ্ছিলেন।
এদিন দুর্ঘটনার খবর পেয়ে বাগনান হাসপাতালে যান স্থানীয় বিধায়ক অরুণাভ সেন। অন্যদিকে, উলুবেড়িয়ায় মেডিক্যাল কলেজে গিয়ে আহতদের চিকিৎসার ব্যাপারে খোঁজ নেন রাজ্যের মন্ত্রী পুলক রায়। পুলক রায় বলেন, খুবই মর্মান্তিক ঘটনা। আমরা মৃত ও আহতদের পরিবারের পাশে আছি।