


রাঁচি, ১৩ মার্চ: ঝাড়খণ্ডের লোহারদাগা জেলায় বড়সড় সাফল্য পুলিশের। বিপুল পরিমাণ গাঁজা পাচারের অভিযোগে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করল পুলিশ। জানা গিয়েছে, তাদের কাছ থেকে মোট ৪৩৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে, যার বাজারমূল্য প্রায় ২.১৬ কোটি টাকা। পুলিশ জানিয়েছে, গত কয়েকদিন ধরেই এলাকায় গাঁজা পাচারের খবর তাদের কাছে আসছিল। গোপন সূত্রে খবর পাওয়ার পর শুক্রবার লোহারদাগা থানার পুলিশ একটি বিশেষ অভিযান চালিয়ে এই অবৈধ পাচার চক্রকে ধরে ফেলে।
প্রথমে একটি সন্দেহজনক ট্রাককে থামিয়ে তল্লাশি শুরু করে পুলিশ। এরপরেই ট্রাকটি তল্লাশি করে ১৫৪টি গাঁজার প্যাকেট উদ্ধার করা হয়। ট্রাকটি উত্তরপ্রদেশের দিকে যাচ্ছিল বলে জানা গিয়েছে। লোহারদাগা থানার অফিসার ইনচার্জ রত্নেশ মোহন ঠাকুর জানান, ধৃত দু'জনের মধ্যে একজন বিহারের সরণ জেলার এবং অন্যজন উত্তরপ্রদেশের গোন্ডা জেলার বাসিন্দা। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ধৃতরা দীর্ঘদিন ধরে এই ধরনের মাদক পাচারের সঙ্গে যুক্ত। এছাড়াও আরও কয়েকটি বেআইনি কাজের সঙ্গে তাদের যোগসূত্র রয়েছে বলেও সন্দেহ করছে পুলিশ।
শুক্রবার ধৃতদের আদালতে পেশ করা হয় এবং এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।