


নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: উত্তপ্ত জলপাইগুড়ি পুরসভা। বকেয়া পরিশোধের জন্য পুর কর্তৃপক্ষকে ৪৮ ঘণ্টা সময় দিলেন অস্থায়ী কর্মীরা। সেইসঙ্গে পুরসভার গেট আটকে বিক্ষোভ চালাচ্ছে পেনশন প্রাপকরা। পাশাপাশি জুলাই মাসের বেতন সহ সমস্ত পাওনা না মেটানো হলে সোমবার থেকে শহরে জঞ্জাল সাফাই ও পানীয় জল সরবরাহ বন্ধ করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। আন্দোলনের জেরে কোনো কর্মী-আধিকারিককে এদিনও পুরসভায় ঢুকতে দেওয়া হয়নি বলে জানা গিয়েছে। ফলে গত কয়েকদিনের মতো আজও অচল পুরসভা। কাজকর্ম সম্পূর্ণ বন্ধ আজও। শহরের বিভিন্ন এলাকা থেকে মানুষজন নানা দরকারে পুরসভায় আসলেও ফিরে যেতে হচ্ছে তাঁদের। সেই জেরেই ক্ষোভে ফুসছেন সাধারণ মানুষ। এদিন আন্দোলনকারী পেনশনারদের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দেন চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা আনা তৃণমূল কাউন্সিলাররা। আজ সন্ধ্যায় সেই বৈঠক হওয়ার কথা বলে জানা গিয়েছে।