


সংবাদদাতা,বারুইপুর: কুলতলির মেরিগঞ্জ ১ নম্বর পঞ্চায়েতের হেরোভাঙা থেকে বালির চর ৫ কিলোমিটার রাস্তা। সেটি ভেঙেচুরে একাকার। বড় বড় গর্তে জল জমে পুকুরের চেহারা নিয়েছে। অভিযোগ, রোজই ঘটছে দুর্ঘটনা। হয় টোটো উল্টে যাচ্ছে, বা অটো পাল্টি খাচ্ছে। বারংবার প্রশাসনের সব স্তরে জানানো হলেও কোনও সমাধান হয়নি। যদিও এই ব্যাপারে কুলতলি পঞ্চায়েত সমিতির সভাপতি রূপা সর্দার বলেন, রাস্তাটি পূর্তদপ্তরের। তাঁদের জানানো হয়েছে। রাস্তাটি দিয়ে বেশ কয়েকটি স্কুলের পড়ুয়াদের রোজ যাতায়াত করতে হয়। কচিয়ামারা হাই স্কুলের এক পড়ুয়া বলে, রাস্তায় পিচ উঠে বড় বড় গর্ত হয়ে গিয়েছে। সেই গর্তে প্রায়ই গাড়ি পড়ে উল্টে যাচ্ছে। আমরা যেতে গিয়ে খুব সমস্যায় পড়ছি। স্থানীয় বাসিন্দারা বলেন, রাস্তাটি এক বছরের মধ্যেই বেহাল। প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এই রাস্তা দিয়ে রোগীকে নিয়ে কোনও অ্যাম্বুলেন্স কুলতলি-জয়নগর গ্রামীণ হাসপাতাল বা ক্যানিং মহকুমা হাসপাতালে যেতে পারে না। তাদের কয়েক কিলোমিটার ঘুরে যেতে হয়। রাস্তার সমস্যা নিয়ে কুলতলি ব্লক প্রশাসনের কাছে বারংবার বলা হলেও কাজ হয়নি। গাড়ি চালকরাও রাস্তাটি নিয়ে তিতিবিরক্ত। তাঁরা বলেন, রোজই আমাদের গাড়ির চাকা খারাপ হয়ে যাচ্ছে। গর্তে গাড়ির চাকা পড়ে গিয়ে নষ্ট হয়ে যাচ্ছে যন্ত্রাংশ। ভারী বৃষ্টি হলে এই রাস্তা দিয়ে যাতায়াত বন্ধ হয়ে যায়। অবিলম্বে প্রশাসনের এই রাস্তা সংস্কার করে দেওয়া উচিত। - নিজস্ব চিত্র