


নিজস্ব প্রতিনিধি, মালদহ: স্পর্শকাতর তালিকায় মালদহের প্রায় ৫০ শতাংশ বুথই। জেলাজুড়ে টহল দিচ্ছে ১৮ কোম্পানি বাহিনী। অবাধ ও শান্তিপূর্ণ ভোট করতে একাধিক প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে নির্বাচন কমিশন। চালু করা হচ্ছে ২৪ ঘন্টার টোল ফ্রি নম্বর। থাকছে ১১৭ টি ফ্লাইং স্কোয়াড টিম। রাখা হবে সমসংখ্যক স্ট্যাটিক ও ৩৬টি ভিডিও সার্ভেল্যান্স টিম।
সীমান্তবর্তী মালদহ জেলায় ১২টি বিধানসভা কেন্দ্র রয়েছে। এর মধ্যে গাজোল এবং মালদহ বিধানসভা কেন্দ্র তপশিলি ও হবিবপুর বিধানসভা তপশিলি উপজাতি প্রার্থীদের জন্য সংরক্ষিত। বাকি ন’টি বিধানসভা আসন অসংরক্ষিত। মালদহে মোট বুথের সংখ্যা ৩ হাজার ১০৬টি। যে সমস্ত বুথে এক হাজার দুশোর বেশি ভোটার রয়েছে, সেগুলি ভেঙে আলাদা করা বা প্রয়োজন অনুযায়ী একাধিক অক্সিলারি বুথ তৈরি করা হবে। সেই প্রক্রিয়াও শুরু হয়েছে বলে সোমবার জানান জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক প্রীতি গোয়েল।
জাতীয় নির্বাচন কমিশন রবিবার পশ্চিমবঙ্গ সহ পাঁচ রাজ্যের ভোট ঘোষণার পর মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে গিয়েছে। সোমবার দুপুরে প্রশাসনিক কার্যালয়ে সাংবাদিক বৈঠক ডাকেন জেলাশাসক। বলেন, মালদহ জেলায় ১ হাজার ৫০৩ টি স্পর্শকাতর বুথ রয়েছে।
মালদহের পাঁচটি বিধানসভা কেন্দ্র সীমান্তবর্তী। দেড়শো কিলোমিটার আন্তর্জাতিক সীমান্তের মধ্যে প্রায় তিরিশ কিলোমিটার সীমান্ত উন্মুক্ত। জেলার হরিশ্চন্দ্রপুর ব্লক একেবারে বিহার লাগোয়া। মানিকচক দিয়ে নদীপথে গঙ্গা পেরিয়ে ঝাড়খণ্ডের সঙ্গেও অবাধ যাতায়াত ব্যবস্থা রয়েছে। ভৌগোলিক অবস্থানকে কাজে লাগিয়ে মালদহকে চোরাচালানকারী, দুষ্কৃতীরা মাদক, জালনোট, অস্ত্র পাচারের অন্যতম করিডর হিসেবে বেছে নিয়েছে। এখানে স্পর্শকাতর বুথের সংখ্যা বরাবরই বেশি থাকে। সব মিলিয়ে মালদহ জেলায় শান্তিশৃঙ্খলা বজায় রেখে ভোট পরিচালনা করা প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জ।
ইতিমধ্যেই মালদহ জেলায় ১৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে গিয়েছে। সীমান্তবর্তী সহ এলাকা সহ প্রত্যেক থানা এলাকাতেই সকাল, বিকেল ও রাতে কেন্দ্রীয় বাহিনী রুটমার্চ শুরু করে দিয়েছে। পুলিশের তরফে বাড়ানো হয়েছে নাইট পেট্রোলিং, নাকা চেকিং।
জেলাশাসক বলেন, আমরা একটা হেল্পলাইন নম্বর ১৯৫০ চালু করেছি। যা চব্বিশ ঘণ্টা খোলা থাকবে। নির্বাচন সংক্রান্ত যেকোনো অভিযোগ সেখানে জানানো যাবে। ভোটারদের বিভ্রান্তি দূর করতে এই প্রথম ইভিএমের উপরে প্রার্থীদের রঙিন ফটো থাকবে।
এসআইআরের পর গত ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী মালদহ জেলায় মোট ভোটার সংখ্যা ২১ লক্ষ ৫৮ হাজার ৭৬ জন। এর মধ্যে ১১ লক্ষ ১০ হাজার ১৩ জন পুরুষ ও ১০ লক্ষ ৪৮ হাজার ৮ জন মহিলা ভোটার। বাকি ৫৫ জন তৃতীয় লিঙ্গের।