


ওয়াশিংটন: শুরু হয়েছে কাউন্টডাউন। ফের চাঁদে যাবে মানুষ। দীর্ঘ ৫৩ বছর পর চাঁদে মানব অভিযানে নামছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। সবকিছু ঠিক থাকলে আজ বুধবার বিকেলেই চার মহাকাশচারীকে নিয়ে চাঁদের উদ্দেশে পাড়ি দেবে নাসার স্পেসশিপ। তবে এবার চাঁদের মাটিতে পা রাখার সুযোগ পাবেন না মহাকাশচারীরা। পরীক্ষামূলক এই মহাকাশ যাত্রার উদ্দেশ্য চাঁদের চারপাশ ঘুরে ফি রেআসা।
প্রায় ৩২ তলা বাড়ির সমান উচ্চতার স্পেস লঞ্চ সিস্টেম রকেট ওরিয়ন মহাকাশযানকে নিয়ে পাড়ি দেবে। উৎক্ষেপণের পর পৃথিবীর কক্ষপথে একদিন অবস্থান করবে এই ওরিয়ন ক্যাপসুল। তারপর ওরিয়ন ক্যাপসুল চাঁদের উদ্দেশে রওনা হবে। চাঁদের চারপাশে প্রদক্ষিণ করে আবার পৃথিবীতে ফিরে আসবে। প্রায় ১০ দিনব্যাপী এই অভিযানে অংশ নিচ্ছেন নাসার নভোচারী রিড উইসম্যান, ভিক্টর গ্লোভার ও ক্রিস্টিনা কোচ এবং কানাডার জেরেমি হ্যানসেন। নাসার পরিকল্পনা অনুযায়ী, এই মিশনের সাফল্যের ওপর নির্ভর করবে পরবর্তী অভিযানের ভবিষ্যত। ১৯৭২ সালের অ্যাপোলো অভিযানের পর এই প্রথম মানুষ আবার চাঁদে পাড়ি দিচ্ছে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা পরিচালিত এই আর্টেমিস ২ অভিযান, ফেব্রুয়ারি মাসেই শুরু হওয়ার কথা ছিল। তবে নানা কারণে পিছিয়ে যায়। এপ্রিলের শুরুতে পরিকল্পনা সফল হতে চলেছে।