


জাকার্তা: ইন্দোনেশিয়ার জাভা সাগরে খারাপ আবহাওয়ায় ডুবে গেল যাত্রীবাহী ফেরি। এই ঘটনায় রবিবার রাত পর্যন্ত মৃত্যু হয়েছে ৬ জনের। নিখোঁজ ১৩০। মোট ৩০ জন ক্রু সহ ফেরিতে যাত্রীর সংখ্যা ছিল ২৪৩। তাদের মধ্যে ১০৭ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকিদের খোঁজে সমুদ্রে জোরদার তল্লাশি চলছে।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, শনিবার বিকেলে ভার্গো ট্রান্সপোর্ট নামের ফেরিটি পূর্ব জাভা থেকে বোর্নিও দ্বীপের দক্ষিণ কালিমান্তানের উদ্দেশে রওনা দেয়। রবিবার দুপুরে গন্তব্যে পৌঁছানোর কথা ছিল। কিন্তু যাত্রাপথে জাভা সাগরে তীব্র ঝোড়ো হাওয়ার মুখে পড়ে ফেরিটি। রাত ২টো নাগাদ স্থলভাগ থেকে প্রায় ১৫০ কিলোমিটার দক্ষিণে থাকা অবস্থায় ফেরির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ভোর চারটে নাগাদ বিপদ সংকেত পায় জাহাজ পরিবহণ সংস্থা ‘পিটি ভার্গো’। ঘটনার পর পরই নৌ ও উপকূলরক্ষী বাহিনী, মেরিন পুলিশ এবং স্থানীয় উদ্ধারকারী সংস্থা উদ্ধারে নেমে পড়ে। পাশাপাশি উদ্ধারকাজে নামানো হয়েছে একাধিক জাহাজ ও হেলিকপ্টার। প্রায় ২৮০ জন উদ্ধারকর্মী অভিযানে অংশ নিয়েছেন। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে ইন্দোনেশিয়া সরকার। এদিকে জাভা দ্বীপে বন্দরের বাইরে নিখোঁজ যাত্রীদের আত্মীয়দের ভিড় জমেছে। স্বজনদের খোঁজে আসা রুসমিলাবতী ক্ষোভ প্রকাশ করে জানান, এদিন বিকেল পর্যন্ত প্রশাসনের উদ্ধার নিয়ে কোনও তথ্য মেলেনি। শনিবার রাতে তাঁর এক আত্মীয় হোয়াটসঅ্যাপে ভয়ঙ্কর ঢেউয়ের কথা জানিয়েছিলেন। তাঁর মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে ফেরিটি ডুবে যাবে।