


হরিদ্বার: পাহাড়ের উপরে মন্দির। সিঁড়ি বেয়ে পৌঁছাতে হয় সেখানে। পুজো দেওয়ার জন্য কাতারে কাতারে মানুষ জড়ো হয়েছিলেন হরিদ্বারের মনসাদেবী মন্দিরে। রবিবার সাতসকালে গুজব ঘিরে ঘটে গেল বিপর্যয়। মন্দিরে যাওয়ার পথে হুড়োহুড়ির জেরে পদপিষ্ট হয়ে প্রাণ হারালেন ছয় পুণ্যার্থী। জখম আরও ২৫ জনের বেশি। ঘটনাস্থলে পুলিস ও প্রশাসনের পদস্থ কর্তারা। চলছে উদ্ধারকাজ। মৃতদের পরিচয় এখনও জানা যায়নি।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, পুণ্যার্থীদের ভিড়ে তিল ধারণের জায়গা ছিল না গোটা চত্বরে। তার মধ্যে মন্দিরের কাছে বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ার গুজব ছড়ায়। যা থেকে তৈরি হয় আতঙ্ক। প্রাণে বাঁচতে হুড়োহুড়ি পড়ে যায় পুণ্যার্থীদের মধ্যে। সৃষ্টি হয় চূড়ান্ত বিশৃঙ্খল অবস্থা। ধাক্কাধাক্কিতে
টাল সামলাতে না পেরে মাটিতে পড়ে যান। তাঁদের মাড়িয়ে দিয়ে চলে যান বাকিরা। পুলিসের তরফে অবশ্য বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার বিষয়টি খারিজ করে দেওয়া হয়েছে।
গোটা ঘটনায় শোকপ্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। স্থানীয় প্রশাসনের সঙ্গে তিনি যোগাযোগ রাখছেন বলে জানিয়েছেন।