


নিজস্ব প্রতিনিধি, তমলুক: বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলে(বিইইউপি) পূর্ব মেদিনীপুরে ১৬টি বিধানসভার জন্য আট কোটি টাকা এল। জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেক বিধায়ককে চিঠি দিয়ে কাজের পরিকল্পনা পাঠানোর আবেদন জানানো হবে। সাংসদ কোটার মতোই বিধায়ক তহবিলেও এবার থেকে অনলাইনে কাজের পরিকল্পনা জমা করতে হবে। কিন্তু, সেই সফ্টওয়্যার এখনো ঠিকমতো কাজ না করছে বলে খবর। এর পাশাপাশি বিধায়করা স্কিমের তালিকা জেলা পরিকল্পনা অফিসেও জমা করবেন। বিজেপি পরিচালিত রাজ্য সরকার বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের পরিমাণ বছরে ৬০লক্ষ থেকে বাড়িয়ে এক কোটি টাকা করেছে। আগে একজন বিধায়ক তাঁর এলাকা উন্নয়নের জন্য বছরে ৬০লক্ষ টাকা পেতেন। একটি আর্থিক বছরে দু’টি কিস্তিতে ৩০লক্ষ করে মোট ৬০লক্ষ টাকা বরাদ্দ হত। এই টাকা জেলা কোষাগারে আসে। বিধায়করা পরিকল্পনা জমা দেন। তার ভিত্তিতে প্রকল্প অনুমোদন করে টাকা ছাড়া হয়। নতুন সরকার বার্ষিক ৬০লক্ষ টাকা বাড়িয়ে বছরে এক কোটি টাকা বরাদ্দ করেছিল। ২০২৬-’২৭আর্থিক বছরে প্রথম কিস্তি বাবদ ১৬টি বিধানসভার জন্য ৫০লক্ষ টাকা করে এসেছে বলে জেলা পরিকল্পনা অফিসার নেহাল আহমেদ জানিয়েছেন। ইউসি জমা পড়ার পর আর্থিক বছরের অবশিষ্ট ৫০লক্ষ টাকা করে বরাদ্দ হবে।