


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নির্বাচনের আগে ফের আধিকারিকদের রদবদলের নির্দেশ নর্বাচন কমিশনের। এবার রাজ্যে মোট ৮৩ জন বিডিও ও সহকারী রিটার্নিং অফিসারকে বদলি করল কমিশন। তারমধ্যে সবচেয়ে বেশি সংখ্যক আধিকারীকে বদলি করা হয়েছে পূর্ব মেদিনীপুরে। এখানে মোট ১৪ জন বিডিও ও সহকারী রিটার্নিং অফিসারকে বদলির নির্দেশ দিয়েছে কমিশন। তার পরেই তালিকায় আছে দক্ষিণ ২৪ পরগনা, এখনে ১১ জনকে বদলি করা হয়েছে। তাছাড়াও এই তালিকায় আছে উত্তরবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা ও দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান ও বীরভূম।
গত বৃহস্পতিবার রাতে হঠাৎই নির্বাচন কমিশন রাজ্যের মোট ১৪টি বিধানসভা আসনের রিটার্নিং অফিসারদের বদলি করে, যা রাজনৈতিক মহলে বেশ চর্চার বিষয় হয়ে উঠেছিল। রাজ্যের ৯টি জেলার অন্তর্গত এই ১৪ জন রিটার্নিং অফিসারকে তাঁদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। উল্লেখযোগ্য বিষয় হল, এই কর্মকর্তাদের নিয়োগ করা হয়েছিল মাত্র পাঁচ দিন আগেই গত সোমবার। এত স্বল্প সময়ের ব্যবধানে এই বদলি হওয়ায় প্রশাসনিক মহলেও প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও নির্বাচন কমিশনের তরফে এই সিদ্ধান্তের নির্দিষ্ট কারণ আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি, তবে নির্বাচন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও নিরপেক্ষ রাখতেই কমিশনের এই পদক্ষেপ এমনটাই জানানো হয়েছে।