


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা সহ রাজ্যের প্রায় ৯০ শতাংশ হোটেল, রেস্তরাঁ ও পানীয় জলের কারখানার বেহাল দশা। স্বাস্থ্যদপ্তরের ফুড সেফটি অফিসারদের অভিযানের পর এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। তিনি বলেন, দুদিনের এই অভিযান চলেছে ১৭৩০টি রেস্তরাঁ, খাবার ও প্যাকেজ জলের বোতল কারখানায়। ১৫২৫টি কারখানায় গুরুতর গাফিলতি পাওয়া গিয়েছে। ১৫১৭টির ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার সুপারিশ করা হয়েছে। বেশ কিছু ক্ষেত্রে খাদ্যবস্তুতে ক্ষতিকর রং ব্যবহার করা হয়েছে। মন্ত্রী মিষ্টি ও সসের ব্যাপারে জনসাধারণকে সতর্ক থাকতে বলেছেন। তিনি আরও বলেন, নিম্নমানের কাঁচামাল ব্যবহারের জন্য ১৩টি হোটেলে তালা মেরে দেওয়া হয়েছে। পাঁচটি দোকানের লাইসেন্স বাজেয়াপ্ত হয়েছে।
এছাড়া, স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগমকে সঙ্গে নিয়ে সাংবাদিক সম্মেলনে মন্ত্রী রাজ্যের ব্লাড ব্যাংকগুলিতে অভিযান সম্পর্কেও সরকারের অবস্থান স্পষ্ট করেন। তিনি বলেন, ৭৮টি প্রাইভেট ব্লাড ব্যাংকের মধ্যে মাত্র দুটি ব্লাড ব্যাংক বন্ধ করা হয়েছে। বাকি যেসব ব্লাড ব্যাংকগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল তারা নিজেদের খামতি স্বীকার করে প্রয়োজনীয় পদক্ষেপ করতে সম্মত হয়েছেন। তাঁদের বিরুদ্ধে তাই শাস্তিমূলক পদক্ষেপ এখন শিথিল করা হয়েছে। সাংবাদিক সম্মেলনে এদিন মন্ত্রী বিভিন্ন বেসরকারি ব্লাড সেন্টারের রক্তদান শিবিরে ডাক্তারি পড়ুয়াদের ‘চিকিৎসক সেজে’ ডাক্তারের ভূমিকা পালন করার ব্যাপারে ফের সতর্ক করে দেন। তিনি বলেন, প্রায় ৮০০ রক্তদান শিবিরে ডাক্তারি পড়ুয়ারা ডাক্তার সেজে অংশ নিয়েছেন। তাঁদের চিহ্নিত করে সতর্ক করা হয়েছে।