


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যে প্রথম দফার নির্বাচনে আরও বাড়ল ভোটদানের হার। কমিশন জানিয়েছে, প্রথম দফায় মোট ভোট পড়েছে ৯৩.১৯ শতাংশ। এই ভোটের হারই সর্বকালীন রেকর্ড বলে মনে করা হচ্ছে। অতীতে এর আগে কোনো নির্বাচনে এত সংখ্যক ভোট পড়ার নজির নেই বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, এই দফায় কোচবিহারে সব থেকে বেশি ভোট পড়েছে। ৯৬.২০ শতাংশ। সবচেয়ে কম (৮৩.০৪ শতাংশ) ভোট পড়েছে কালিম্পংয়ে। কালিম্পং এবং দার্জিলিং ছাড়া সব জেলাতেই ভোটের হার ৯০ শতাংশ অতিক্রম করেছে বলে জানিয়েছে কমিশন। এছাড়াও ভগবানগোলা, চোপড়া, সুতি, সিতাই, সামসেরগঞ্জ, রানিনগর, রায়গঞ্জ, রঘুনাথগঞ্জ, মুরারই, মেখলিগঞ্জ, ময়নাগুড়ি, লালগোলা, কুশমন্ডি, ফরাক্কা, ডোমকল এবং চোপড়া বিধানসভায় ভোটের হার ৯৬ শতাংশ অতিক্রম করে গিয়েছে বলে জানিয়েছে কমিশন।