


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এক মঞ্চে কপিল দেব, মহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মা, হরমনপ্রীত কাউরের সঙ্গে সূর্যকুমার যাদব। সব কিছু ঠিক থাকলে ১৫ মার্চ রাজধানীর বুকে বিসিসিআইয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এরকমই হতে পারে। গত রবিবার আমেদাবাদের মোতেরা স্টেডিয়ামে সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারত টি-২০ বিশ্বকাপ জিতেছে। ক্রিকেটারদের জন্য বিশাল অংকের পুরস্কারও ঘোষণা করেছে বিসিসিআই। তবে ভিকট্রি প্যারেড হয়নি। ক্রিকেটাররা ফিরে গিয়েছেন নিজের শহরে।
সূত্রের খবর, এবারের কাপ জয়ের উৎসবকে আরও রঙিন করার পরিকল্পনা রয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের। তিরাশির সাফল্যের সঙ্গে সদ্য সূর্যদের বীরগাথা জুড়ে দেওয়ার চেষ্টা চলছে। ২০০৭ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ভারত প্রথম টি-২০ বিশ্বকাপ জিতেছিল। মাহির অধিনায়কত্বেই ২০১১ সালে ওয়ান ডে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। ২০২৪ সালে রোহিতের ক্যাপ্টেন্সিতে বিশের বিশ্বকাপ জিতেছিল টিম ইন্ডিয়া। খেতাব ধরে রাখার লড়াইয়ে সফল সূর্যকুমাররা। সবাইকে এক মঞ্চে রেখে বিশ্বের দরবারে ভারতীয় ক্রিকেটের সাফল্যকে তুলে ধরাই লক্ষ্য বিসিসিআইয়ের। সংস্থার সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়েছেন, এবারের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে একেবারেই ভিন্ন স্বাদের। যেখানে আইসিসি’র ট্রফি জয়ী সব দলকেই সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। থাকবে বয়সভিত্তিক দলগুলিও।
এখন প্রশ্ন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কি থাকবেন বিশেষ অতিথি হিসেবে? তার উত্তর মেলেনি। কিন্তু দিল্লিতে বোর্ডের এই জমকালো অনুষ্ঠান হবে। তাই কেন্দ্রীয় মন্ত্রীসভার সদস্যদের উপস্থিতি চোখে পড়তে পারে।