


সংবাদদাতা, তারকেশ্বর: প্রবল বৃষ্টি সত্ত্বেও শ্রাবণের পঞ্চম তথা শেষ সোমবার ভিড় উপচে পড়ল তারকেশ্বরে। আপাতত রাখি পূর্ণিমা পর্যন্ত ভক্তরা তারকেশ্বর মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করে আর জল ঢালতে পারবেন না। এদিন জল ঢালার জন্য সকাল থেকেই পুণ্যার্থীদের লাইন দেখা যায়। টানা বৃষ্টিতে দীর্ঘপথ ভিজে তারকেশ্বর মন্দিরে পৌঁছান পুণ্যার্থীরা। অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে কড়া নজর রাখা হয়েছিল। রবিবার থেকেই পুলিসের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন তারকেশ্বরে। লক্ষ লক্ষ পুণ্যার্থীর আগমনের ফলে বিশাল পরিমাণ বর্জ্য শহরের বিভিন্ন এলাকায় ছড়িয়ে থাকে। সেই আবর্জনা পরিষ্কারের জন্য পুরসভার পক্ষ থেকে বিশেষ সাফাই অভিযান চালানো হয়।
বর্তমানে মাটির ঘটের পরিবর্তে প্লাস্টিকের ঘট ব্যবহার করছেন পুণ্যার্থীরা। আগে মন্দির চত্বরে পড়ে থাকা মাটির ভাঙা ঘটে বহু মানুষের হাত-পা কেটে যেত। গত কয়েক বছর ধরে প্লাস্টিকের ঘটের ব্যবহার বাড়ায় দুর্ঘটনা অনেকাংশে কমে গিয়েছে। অন্যান্য দিনের মতো এদিনও তারকেশ্বর মন্দিরের দুধপুকুরে হাজির ছিলেন বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা। শহরজুড়ে একাধিক ছোটো ছোটো স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছিল। সজাগ ছিলেন দমকল কর্মীরাও। নিজস্ব চিত্র