


চেন্নাই, ১৬ মার্চ: বুকে ব্যথা নয়, ঘাড়ে যন্ত্রণা ও ডিহাইড্রেশনের জেরেই অসুস্থ হয়ে পড়েছিলেন অস্কারজয়ী সঙ্গীতশিল্পী এ আর রহমান। তাই আজ, রবিবার সাত সকালেই তাঁকে ভর্তি করা হয় চেন্নাইয়ের গ্রিমস রোডের একটি বেসরকারি হাসপাতালে। রহমানের সমস্ত রকম রক্ত পরীক্ষা ও একাধিক টেস্ট হয়েছে বলে জানা গিয়েছে। তিনি আপাতত সুস্থ রয়েছেন। তাই কিছুক্ষণ আগেই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন রহমান। প্রথমে খবর রটে যায়, বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন রহমান। কিন্তু সেই খবর মিথ্যে বলে জানিয়ে দেন তাঁর ম্যানেজার। তিনিই পরে সংবাদমাধ্যমে জানান, রহমান কয়েকদিন ধরেই একাধিক কনসার্ট করছিল। তাই ভ্রমণ করতে হচ্ছিল অনেক জায়গায়। সেই কারণেই অসুস্থ হয়ে পড়েন। তবে আপাতত ঠিক আছেন তিনি। সূত্রের খবর, রহমানের চিকিৎসার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে একটি বোর্ড গঠন করা হয়। যদিও অস্কারজয়ী সঙ্গীতশিল্পীর বড় কিছু হয়নি বলেই জানিয়েছেন চিকিৎসকরা। রহমান সুস্থ রয়েছেন ও তাড়াতাড়ি বাড়ি ফিরবেন বলে জানিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। রহমানের চিকিৎসার বিষয়ে সমস্ত খোঁজখবর নিয়েছেন বলে জানিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। ৫৮ বছর বয়সী এই সঙ্গীতশিল্পীর সুস্থতা কামনা করেছেন তামিলনাড়ুর উপ মুখ্যমন্ত্রী উদয়নিধি স্ট্যালিন।