


সংবাদদাতা, উলুবেড়িয়া: এবার তৃণমূল পরিচালিত পাঁচলা পঞ্চায়েত সমিতির সভাপতি আবুবকর মল্লিকের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দিল দলেরই একাংশ। সমিতির ৩৩ জন সদস্যদের মধ্যে ১৮ জন আবুবকরের বিরুদ্ধে হাওড়া সদর মহকুমা শাসকের কার্যালয়ে অনাস্থা প্রস্তাব জমা দেন। জেলা প্রশাসন সূত্রে খবর, খুব শীঘ্র ভোটাভুটির দিন ধার্য করা হবে। অনাস্থা প্রস্তাবে স্বাক্ষরকারী নাম প্রকাশে অনিচ্ছুক এক সদস্য বলেন, পঞ্চায়েত সমিতির সভাপতি কারো সঙ্গে পরামর্শ না করে কাজ করতেন। পচ্ছন্দের দু’তিনজন সদস্যকে নিয়ে নিজের ইচ্ছামতো সমিতি চালাতেন। সেই কারণে সভাপতির বিরুদ্ধে অনাস্থা আনা হয়েছে। আবুবকর পাঁচলার বিধায়ক গুলশন মল্লিকের ছেলে। তিনি ফোন না ধরলেও গুলশন মল্লিক তাঁর ছেলের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, বিজেপি পরিকল্পনা করে দলের কিছু সদস্যকে ফুসলিয়ে এই অনাস্থা প্রস্তাব আনিয়েছে। যদিও তাতে কোনো লাভ হবে না। এদিকে, বিজেপি নেতা রঞ্জন পালের দাবি, পালাবদলের পর ভয় কেটে গিয়েছে। তৃণমূল সদস্যরাই সভাপতির বিরুদ্ধে অনাস্থা এনেছেন।