


অমরাবতী, ২২ জুন: অন্ধ্রপ্রদেশের কদাপা জেলায় গভীর রাতে মুখোমুখ সংঘর্ষ মালবোঝাই লরি ও সরকারি বাসের। এই ঘটনায় এক শিশু এবং এক ছাত্রসহ অন্তত দুইজনের মৃত্যু হয়েছে বলে খবর সূত্রের। এই ভয়াবহ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৬ জন। ঘটনাটি ঘটে রবিবার কদাপা জেলার পুল্লামপেটার উডুমুভারিপল্লী গ্রামের কাছে।
পুলিশ সূত্রে খবর, অন্ধ্রপ্রদেশ রাজ্য সড়ক পরিবহন নিগমের একটি বাস প্রায় ২৭ জন যাত্রী নিয়ে তিরুপতি থেকে কদাপার দিকে রওনা দিয়েছিল। রাত ১টা থেকে ১টা ১৫ মিনিট। হঠাত্ বিপরীত দিক থেকে আসা একটি মালবোঝাই লরির সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে, বাসটির ডানদিকের প্রায় ছয়টি আসন দুমড়েমুচড়ে যায়। এর ফলেই বাসের ভেতরে থাকা যাত্রীরা গুরুতরভাবে হতাহত হন। মৃত্যু হয় দু'জনের। দুর্ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। উদ্ধারকাজ শুরু করে আহতদের উদ্ধার করে স্থানীয় সরকারি হাসপাতাল এবং আশেপাশের অন্যান্য চিকিৎসা কেন্দ্রে স্থানান্তরিত করা হয়। আহতদের মধ্যে লরির চালকও রয়েছেন, তিনিও বর্তমানে চিকিৎসাধীন। এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের পরিবহন মন্ত্রী এম রামপ্রসাদ রেড্ডি। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। সেই সঙ্গে হাসপাতালে চিকিৎসাধীন আহতদের খোঁজখবর নেন এবং কর্মকর্তাদের নির্দেশ দেন যেন প্রত্যেক আহত যাত্রী সঠিক চিকিৎসা পান। প্রয়োজনে গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য বড় হাসপাতালে স্থানান্তরিত করার নির্দেশও দিয়েছেন তিনি।
ভবিষ্যতে এই ধরণের দুর্ঘটনা এড়াতে রাস্তাঘাটের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে এবং বাসের ফিটনেস পরীক্ষা করার জন্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন পরিবহন মন্ত্রী। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় একটি মামলা রুজু করার প্রক্রিয়া চলছে এবং দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে।