


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড। উত্তর কলকাতার পানিহাটিতে একটি বিল্ডিংয়ের দোতলায় আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল রবিবার দুপুরে। জানা গিয়েছে, সোদপুরের বিটি রোডের কাছে একটি বিদ্যুৎ পরিষেবা সংস্থার ভবনের ভিতরে থাকা ট্রান্সফরমারে আগুন লাগে। তবে ঘটনায় কেউ আহত হননি বলে জানিয়েছে দমকল বিভাগ।
প্রথমে ভবনের দোতলায় ঘন কালো ধোঁয়া দেখতে পায় স্থানীয় মানুষরা। তার কিছুক্ষণের মধ্যেই দাউ দাউ করে আগুনের ফুলকি বেড়িয়ে আসতে থাকে ভিতর থেকে। মারাত্মক রূপ নেয় আগুন। তৎক্ষনাৎ খবর দেওয়া হয় দমকল বিভাগকে। দমকলের এক আধিকারিক জানান, দুপুর ১টা ১০ মিনিট নাগাদ আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে নামে দমকলের পাঁচটি ইঞ্জিন। দ্রুত তৎপরতার ফলে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ওই ভবনের ভিতরে আগুন লাগলেও সেখানে কেউ আটকে পড়েননি বা আহত হননি। কী কারণে ট্রান্সফরমারে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। আগুন লাগার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে দমকল সূত্রে জানানো হয়েছে।