


নয়াদিল্লি: আমেরিকার নতুন আন্তর্জাতিক শুল্ক কাঠামো চূড়ান্ত হওয়ার অপেক্ষায় ভারত। এরপরই আমেরিকার সঙ্গে ভারতের অন্তর্বর্তীকালীন বাণিজ্যচুক্তি সাক্ষরিত হবে। সোমবার কেন্দ্রীয় সরকারের সূত্র মারফৎ এমনটাই জানা গিয়েছে। সংশ্লিষ্ট দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, ‘বাণিজ্যচুক্তিতে প্রতিটি দেশই চায় তার প্রতিযোগীর থেকে খানিকটা বেশি সুবিধা আদায় করতে। ভারত ও আমেরিকা-দুই দেশই যাতে লাভবান হয় সেদিকে নজর রাখা হচ্ছে।’
গত মাসেই ভারত-মার্কিন বাণিজ্যচুক্তির প্রথম ধাপ চূড়ান্ত হয়ে গিয়েছিল। নতুন চুক্তি অনুযায়ী, মার্কিন মুলুকে ভারতীয় পণ্যে শুল্ক কমে হয়েছিল ১৮ শতাংশ। তারপরেই আন্তর্জাতিক শুল্ক নীতি নিয়ে মার্কিন সুপ্রিম কোর্টে ধাক্কা খান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই রায়ের পর সব দেশের জন্যই ১০ শতাংশ শুল্ক ধার্য করে আমেরিকা। যদিও এর মেয়াদ ২৪ ফেব্রুয়ারি থেকে ১৫০দিন। এই পরিস্থিতিতে দু’দেশের তরফেই বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনা আপাতত স্থগিত রয়েছে বলে খবর। ওই আধিকারিক জানিয়েছেন, ‘মার্চ মাসে ওই চুক্তি সাক্ষরিত হওয়ার কথা ছিল। কিন্তু আদালতের রায়ের ফলে নতুন কোনও শুল্কই কার্যকর হবে না।’ আমেরিকা গোটা বিশ্বের জন্য একটি শুল্ক কাঠামো তৈরি করছে বলেও জানিয়েছেন তিনি। সেই কাঠামো অনুযায়ী নতুন বাণিজ্যচুক্তি হবে। যাতে প্রতিযোগী দেশগুলির তুলনায় ভারত অতিরিক্ত সুবিধা পায়, সেদিকে বিশেষ নজর দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।