


নয়াদিল্লি, ১২ আগস্ট: আধার কার্ড নিয়ে জাতীয় নির্বাচন কমিশনের যুক্তিকেই মান্যতা দিল সুপ্রিম কোর্ট। চূড়ান্ত নাগরিকত্বের প্রমাণ হিসেবে ব্যবহার করা যাবে না আধার কার্ড। দেশের সর্বোচ্চ আদালত জানিয়েছে, আধার কার্ড কেবলমাত্র পরিচয় পত্র হিসেবেই মান্যতা পাবে। বিহারে চলছে এসআইআর। নির্বাচন কমিশনের সেই প্রক্রিয়া বাতিল বা স্থগিতের দাবিতে সুপ্রিম কোর্টে দায়ের হয়েছে একাধিক মামলা। যার শুনানিতে কমিশনকে দেশের শীর্ষ আদালত পরামর্শ দেয়, আধার-প্যান কার্ডকে নাগরিকত্বের প্রমাণ হিসেবে রাখতে বিবেচনা করা হোক।
যদিও নির্বাচন কমিশন তাতে তীব্র আপত্তি জানায়। কমিশনের আইনজীবী সুপ্রিম কোর্টে বলেন, আধার কার্ডকে যাচাইয়ের প্রয়োজন। আজ, মঙ্গলবার সেই যুক্তিকেই মান্যতা দিয়ে বিচারপতি সূর্যকান্তর নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল, “নির্বাচন কমিশনই ঠিক। আধারকে নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণপত্র হিসাবে গ্রহণ করা যায় না। এটা যাচাই করার প্রয়োজন পড়ে।”