


নয়াদিল্লি: ‘প্রধান পরিচয়পত্র হিসেবে গণ্য হবে না আধার কার্ড।’ বিতর্কের মাঝে সাফ জানিয়ে দিল আধার কর্তৃপক্ষ। বিহারে বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকায় স্পেশাল ইন্টেনসিভ রিভিশন (এসআইআর) নিয়ে বিতর্ক তুঙ্গে। সেখানে নাগরিকত্ব প্রমানে ভোটার কার্ড ও আধার কার্ড বাদ রাখার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। এই আবহে মুখ খুলল ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া (ইউআইডিএআই)। সংস্থার সিইও ভুবনেশ কুমার বলেছেন, নাগরিকত্ব প্রমাণে আধারকে প্রধান পরিচয়পত্র হিসাবে ধরা হবে না।
কুমার আরও বলেছেন, জাল আধার কার্ডের রমরমা বাড়ছে। তাই ভুয়ো আধার বন্ধে যাবতীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। নতুন ইস্যু করা আধার কার্ডে রয়েছে কিউআর কোড। এই কিউআর কোড থেকে তথ্য জানতে একটি স্ক্যানার অ্যাপও তৈরি করা হচ্ছে। আধার কার্ড ভুয়ো হলে স্ক্যানিংয়ের সময় ধরা পড়বে। অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে, ভুয়ো ছবি ও নাম দিয়ে ফটোশপের মাধ্যমে জাল আধার তৈরি করা হচ্ছে। এবার এই স্ক্যানিং পদ্ধতির মাধ্যমে তা ধরা পড়বে। ইউআইডিএআই কর্তা আরও বলেন, শীঘ্রই নতুন অ্যাপ চালু হতে চলেছে। এই মুহূর্তে সেটি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এই অ্যাপ এলে কোনও ব্যক্তিকে আধার কার্ডের ‘হার্ড কপি’ দেখানোর প্রয়োজন পড়বে না।