


সমৃদ্ধ দত্ত, নয়াদিল্লি: রাজনীতি যা পারে না, জনতার গর্জন সেটা পারে। নিট বিতর্কের আগুন সেই বার্তা ঠিক যতটা স্পষ্ট করে দিয়েছে শাসককে, ঠিক ততটাই বিরোধী দলগুলিকেও। আর তাই শেষ পর্যন্ত নিজে একটি রাজনৈতিক দলের কর্ণধার হয়েও অরবিন্দ কেজরিওয়াল এবার ইথানল মিশ্রিত পেট্রল থেকে ভারতের গাড়ি ও টু-হুইলার রক্ষা করার দাবিতে সাধারণ মানুষ ও জেন জির অংশগ্রহণের আহ্বান জানালেন। নিজের ক্যাডার এবং সমর্থকদের উপর ভরসা রাখতে না পেরে সরাসরি আম জনতার দ্বারস্থ হল প্রতিষ্ঠিত রাজনৈতিক দল আম আদমি পার্টি। ১ আগস্ট কেজরিওয়াল দিল্লিতে ডেকেছেন ইথানল বিরোধী সম্মেলন। কনস্টিটিউশন ক্লাবে ওই সম্মেলনে তিনি আহ্বান করেছেন সাধারণ মানুষ, জেন জি যেন বেশি করে যোগ দেয়। তাঁর কথায়, জনতার শক্তিই পারে এই প্রতিবাদকে একটি আন্দোলনের রূপ দিতে। এদিকে, নিট ইস্যুতে ককরোচ জনতা পার্টির চরম সাফল্যে অনুপ্রাণিত হয়ে তৈরি হওয়া ই-টুয়েন্টি জনতা পার্টির সোস্যাল মিডিয়ার জনপ্রিয়তা হু হু করে বাড়ছে। এই পার্টিও সোমবার হুমকি দিয়েছে সরকার যদি এই সমস্যার স্থায়ী সমাধান না করে তাহলে বৃহত্তর আন্দোলনে নামা হবে। পাশাপাশি ট্যাক্সিচালকদের সংগঠন সড়কে নামার কর্মসূচি নিয়েছে। দিল্লি ট্যাক্সি অ্যান্ড ট্যুরিস্ট ট্র্যান্সপোর্টারস অ্যান্ড ট্যুর অপারেটর্স অ্যাসোসিয়েশন আগামী ৪ আগস্ট সংসদ অভিযান করবে। এই কর্মসূচিকে সমর্থন জানিয়েছে তাদেরই সর্বভারতীয় সংগঠন। দিল্লির সংগঠনের সভাপতি সঞ্জয় সম্রাট বলেছেন, গাড়ির ক্ষতি হচ্ছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই। সরকার জোর করে বোঝানোর চেষ্টা করছে যে গাড়ির কোনও ক্ষতি হয় না। কিন্তু সবথেকে বেশি চলে ট্যাক্সি ও ট্যুর অপারেটরদের গাড়ি। সুতরাং আমারই বুঝতে পারব গাড়ির অবস্থা কথটা ভালো কতটা মন্দ। সরকারের এখনই উচিত এই নিয়ে নীতিবদল।