


নয়াদিল্লি, ২ অক্টোবর: দিল্লিতে তুলকালাম। আপ কর্মী সমর্থকদের বিক্ষোভে উত্তপ্ত রাজধানী। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ চলতে থাকে দিল্লির যন্তর মন্তরে। আটক করা হয়েছে আপ সভাপতি সৌরভ ভারদ্বাজ এবং একাধিক দলীয় কর্মীকে। বর্তমানে নিরাপত্তা বলয়ে মোড়া দিল্লির যন্তর মন্তর। দিল্লি জুড়ে জারি করা হয়েছে ১৬৩ ধারা! বন্ধ রাখা হয়েছে ১১টি মেট্রো স্টেশন।
জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে আজ থেকে অর্থাৎ ২ অক্টোবর থেকে প্রতিবাদ শুরু হবে বলেই জানিয়েছিল ককরোচ জনতা পার্টি (সিজেপি)। মুম্বাই থেকে দিল্লি, গোটা দেশে প্রতিবাদের ঝড় উঠবে বলেই জানিয়েছিলেন অভিজিৎ দীপকেরা। নিরাপত্তা বাড়ানো হয়েছে দিল্লির নির্বাচন কমিশনের দপ্তরের বাইরেও। এরই মধ্যে আপ প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠল রাজধানী।
শুক্রবার সকাল থেকে দিল্লির যন্তর মন্তরে ভিড় জমাতে থাকে আপ কর্মীরা। আপ সভাপতি সৌরভ ভারদ্বাজ জানান,‘দুপুরের মধ্যেই বহু জেন-জি নির্বাচন কমিশনের বিরুদ্ধে আওয়াজ তুলতে যন্তর মন্তরে এসে পৌঁছাবেন। প্রতিবাদ করা আমাদের অধিকার। পুলিশ আমাদের বলছে যে প্রতিবাদ করার জন্য আমাদের অনুমতি দেওয়া হয়নি।’ এরপরে পুলিশের সংখ্যা আরও বাড়তে থাকে। শুরু হয় পুলিশের অ্যাকশান। চলে ধরপাকড়। প্রিজন ভ্যানে তাঁদের তোলা হলে চলে টানটান স্লোগান। সৌরভ ভারদ্বাজ বলেন,‘সবাইকে যন্তর মন্তরে আসা উচিত। হেঁটে আসুন, কিন্তু আসুন। জেন-জিদের বলব, আপনারা আসুন।’
যেকোনো জমায়েত পুরোপুরি ভাবে নিষিদ্ধ। দিল্লির যন্তর মন্তরে চালানো হচ্ছে ড্রোনে তল্লাশি। ডিএসপি শচীন শর্মা বলেন,‘যন্তর মন্তরে কোনো ধরনের প্রতিবাদ বা মিছিলের অনুমতি দেওয়া হয়নি। আমি সকলকে আইন মেনে চলতে এবং পুলিশকে সহযোগিতা করতে অনুরোধ করছি। আমি স্পষ্ট করে দিচ্ছি যে, এখানে কোনো প্রতিবাদ কর্মসূচি বা বিক্ষোভের অনুমতি নেই।’