


নয়াদিল্লি, ১৬ অক্টোবর: ককরোচদের ‘লেহরা দো তিরঙ্গা’ কর্মসূচির আগেই আটক অভিজিৎ দিপকে। আগেই দিপকে-কে নোটিশ দেওয়া হয় দিল্লি পুলিশের তরফে। ১৬ অক্টোবর দিল্লির সেন্ট্রাল পার্কে এই কর্মসূচির ডাক দেওয়া হয়। আজ, দিপকের খোঁজে তাঁর করোল বাগের বাড়িতে যায় পুলিশ। প্রশাসনের তরফে সাফ জানিয়েও দেওয়া হয়, সেখানে কোনো কর্মসূচি করতে দেওয়া যাবে না। সকাল থেকেই সেন্ট্রাল পার্কের নিরাপত্তা বাড়াতেও দেখা যায় এদিন। এরপরে ককরোচ নেতাকে আটক করা হয়। শুধু তাই নয়, শুক্রবার আইসা নেত্রী নেহা বোরাকেও আটক করেছে দিল্লি পুলিশ।
পুলিশের তরফে জানানো হয়েছে, কোনো উপযুক্ত স্থানে কর্মসূচি করা যেতে পারে। তবে সেখানে খুব ছোট জমায়েত করেই বিক্ষোভ প্রদর্শন করতে হবে। এছাড়াও বিবেচনা করা যেতে পারে, সর্বোচ্চ ১১ জনের একটি ছোট দলকে জাতীয় পতাকা নিয়ে জাতীয় সঙ্গীত গাওয়ার অনুমতি দেওয়ার বিষয়েও। এরপরেই রেগে যান দিপকে।
পুলিশ তাঁর বাড়িতে পৌঁছলে অভিজিৎ প্রশ্ন করেন, ‘তিরঙ্গা দেখে এত ভয় পাচ্ছেন কেন? মনে হচ্ছে ইংরেজদের পুলিশ ঘরে চলে এসেছে।’ এরপরে দিপকে দাবি করেন, পুলিশের তরফে তাঁর বিরুদ্ধে নানান অভিযোগ করা হচ্ছে। তিনি নাকি, সোশ্যাল মিডিয়ায় সাধারণ মানুষকে উস্কানি দিচ্ছেন। এরপরে তিনি বলেন, ‘নিজের দেশে, নিজের দেশের পতাকা ওড়ানো যাবে না! সেই অধিকারও আমাদের দেওয়া হচ্ছে না।’
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ-সহ আরও একাধিক দাবি তুলে সরব হয়েছে সিজেপি-সহ বিরোধীরা। এর আগেও দিল্লির যন্তরমন্তরে কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল। সেদিনও অভিজিৎ-সহ সৌরভ ও আশুতোষকে আটক করা হয়। বর্তমানে তিহারে ৫ দিনের হেফাজতে রয়েছেন সৌরভ ও আশুতোষ এবং এই সপ্তাহেই এই নিয়ে দু-বার আটক হতে হল ককরোচ নেতা অভিজিৎ দিপকে-কে।