


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের আলোচনার কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতার ক্যামাক স্ট্রিটের দপ্তর। শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই দপ্তরে ভাঙচুর ও লুটপাট চালাল একদল দুষ্কৃতী। আজ, বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টে নাগাদ এই হামলার ঘটনা ঘটে। টানা দু’ঘণ্টা ধরে চলে তাণ্ডব। এমনই অভিযোগ কালীঘাট তৃণমূলের। পুলিশকে একাধিকবার জানানো হলেও কোনো পদক্ষেপ করা হয়নি বলেও দাবি করেছে তারা। এই ঘটনায় পুলিশ কয়েকজনকে আটক করে থানায় নিয়ে গিয়েছে বলে জানা গিয়েছে।
আজকের এই ঘটনায় সরাসরি বিজেপিকে তোপ দেগেছেন কালীঘাট তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সোশ্যাল মিডিয়ায় দুষ্কৃতীহানার সেই ভিডিয়ো প্রকাশ করে একটি দীর্ঘ পোস্ট করেছেন তিনি। এই ঘটনায় বিজেপি জড়িত বলে তাঁর অভিযোগ। অভিষেক লিখেছেন, ‘আজ সকালে ক্যামাক স্ট্রিটে যা ঘটেছে, তা আইনের শাসনের উপর লজ্জাজনক আঘাত।’
তিনি আরও লিখেছেন, ‘ভোর সাড়ে চারটে নাগাদ বিজেপির সশস্ত্র দুষ্কৃতীরা কলকাতার প্রাণকেন্দ্রে অবস্থিত আমাদের দলীয় কার্যালয়ে চড়াও হয়। তারা আমাদের কর্মীদের মারধর করে। তাঁদের ফোন ছিনিয়ে নেয়। আসবাবপত্র ভাঙচুর করে। কার্যালয় তছনছ করে এবং ইলেকট্রনিক গ্যাজেটস ভেঙে দিয়েছে।’ দু’ঘণ্টা ধরে পুলিশকে একাধিকবার ফোন ও ইমেল করা সত্ত্বেও কোনো সাড়া পাওয়া যায়নি বলে পোস্টে উল্লেখ করেছেন তিনি।
যদিও সেই অভিযোগ খারিজ করে দিয়েছে বিজেপি। দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, ‘বিজেপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। ওটা কংগ্রেস-তৃণমূলের সংস্কৃতি।’