


লাহোর: ভারতের ‘অপারেশেন সিন্দুর’-এর পর এমনিতেই আতঙ্কে পাকিস্তান। এর মধ্যেই বৃহস্পতিবার একাধিক বিস্ফোরণে কেঁপে উঠল লাহোর। সেইসঙ্গে বেজে উঠল সাইরেন। স্থানীয় সংবাদমাধ্যম ও সংবাদ সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। মঙ্গলবার মধ্যরাতে বাহওয়ালপুরে এয়ারস্ট্রাইক চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী। লাহোর থেকে যার দূরত্ব মাত্র ৪০ কিলোমিটার। ভারতের ‘অপারেশেন সিন্দুর’-এর রেশ কাটার আগে এবার লহোরের বুকে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটল।
স্থানীয় সংবাদমাধ্যম দাবি করেছে, শহরের ওয়ালটন বিমানবন্দরের কাছে ঘটেছে এই বিস্ফোরণগুলি। তবে কারণ এখনও জানা যায়নি। হতাহতেরও কোনও খবর নেই। তবে এই ঘটনার পরে করাচি, সিয়ালকোট এবং লাহোর বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে।
মঙ্গলবার মধ্যরাতের ভারতীয় প্রত্যাঘাতে এমনিতেই আতঙ্ক ছড়িয়েছে পাকিস্তানে। তার মধ্যে একাধিক বিস্ফোরণের ঘটনায় লাহোরে সাধারণ মানুষের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাসিন্দারা রাস্তায় বেরিয়ে ছুটোছুটি শুরু করে দেন। সেই দৃশ্য ধরা পড়েছে ক্যামেরাতেই। যা ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। স্থানীয়দের উদ্ধৃত করে পাকিস্তানের সংবাদমাধ্যম জানিয়েছে, পরপর তিনটি বিস্ফোরণের শব্দ শোনা যায় লাহোরের ওয়ালটন রোডে। ড্রোনের মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে এক প্রত্যক্ষদর্শী দাবি করেছেন।