


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মূক‑বধির তরুণীকে ধর্ষণের অভিযোগ ছিল। কিন্তু আদালতে সেই অভিযোগের সত্যতা প্রমাণিত হয়নি। উলটে মামলার জানা যায়, এর পিছনে রয়েছে বাড়িওয়ালা‑ভাড়াটিয়ার বিবাদ। পুরো বিষয়টি আদালতের নজরে আসার পর এই মামলা থেকে অভিযুক্তকে বেকসুর খালাস করে দিলেন বিচারক। মঙ্গলবার কলকাতার অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক (ফাস্ট ট্র্যাক কোর্ট) কৌস্তভ মুখোপাধ্যায় এই নির্দেশ দিয়েছেন। আদালতের মন্তব্য, সরকারপক্ষের আনা অভিযোগ প্রমাণিত হয়নি। তাই সাক্ষ্য‑প্রমাণের অভাবে অভিযুক্তকে বেকসুর খালাস করে দেওয়া হল। মুক্তিপ্রাপ্ত ওই ব্যক্তি বলেন, ‘দীর্ঘ পাঁচ বছর পর অবশেষে আদালত থেকে ন্যায়বিচার মেলায় ভালো লাগছে। তবে আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছিল, তাতে আমার ভাবমূর্তির যে ক্ষতি হয়েছে, তা কোনো কিছুর বিনিময়ে পূরণ করা সম্ভব নয়।’
আদালত সূত্রে জানা গিয়েছে, ২০২১ সালে গিরিশ পার্ক থানা এলাকার বাসিন্দা এক মূক‑বধির তরুণীর অভিযোগ ছিল, তাঁকে ধর্ষণ করেছে বাড়িওয়ালা। ভাড়াটিয়া তরুণী আকার ইঙ্গিতে পুরো বিষয়টি জানান বাড়ির লোকজনকে। পুলিশে অভিযোগ দায়ের হয়। তার ভিত্তিতে পুলিশ অভিযুক্ত বাড়িওয়ালার বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করে ঘটনার তদন্তে নামে। তদন্ত শেষ করে অভিযুক্তের বিরুদ্ধে ব্যাঙ্কশাল আদালতে চার্জশিট পেশ করে পুলিশ। মামলাটি বিচারের জন্য যায় কলকাতার বিচারভবনে। সেখানে মেডিকেল রিপোর্ট ও সাক্ষীদের বয়ানে নানা অসঙ্গতি মেলায় বিচারক এদিন এই মামলা থেকে অভিযুক্তকে বেকসুর খালাস করে দেন।