


দেরাদুন: রামমন্দিরের পর বদ্রীনাথ-কেদারনাথের অনুদান দুর্নীতি নিয়ে দেশজুড়ে বিতর্ক চরমে। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে সিট। প্রণামি নয়ছয়ের অভিযোগে সাসপেন্ড করা হয়েছে বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কমিটির (বিকেটিসি) সদস্য প্রমোদ নোটিয়ালকে। এবার সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করতেই সামনে এল এক চাঞ্চল্যকর দৃশ্য। দেখা যাচ্ছে, চারপাশটা ভালো করে দেখে নিয়ে ধীরে ধীরে প্রণামির টাকা-গয়না সরাচ্ছেন অভিযুক্ত প্রমোদ।
শনিবার বদ্রীনাথে পৌঁছায় বিশেষ তদন্তকারী দল। অভিযুক্তদের কল রেকর্ডের পাশাপাশি মন্দির চত্বরের সিসি ক্যামেরার ফুটেজও পরীক্ষা করা হয়। দেখা যায়, মন্দিরের অনুদান গণনার ঘরে রয়েছেন প্রমোদ নোটিয়াল। লোকজনের মাঝেই সুযোগ বুঝে নগদ টাকা, সোনা-রুপোর কয়েন, শালগ্রাম শিলা এমনকি প্রণামির খামও সরিয়ে ফেলছেন তিনি। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।