


একফ্রেমে অমিতাভ বচ্চন ও কমল হাসান। ৪০ বছর পর এই দুই কিংবদন্তি এক ছবিতে কাজ করছেন। সৌজন্যে নাগ অশ্বিন পরিচালিত ‘কল্কি ২’। গত বছর ছবির কাস্টিং নিয়ে দীর্ঘ টানাপোড়েন হয়েছে। দীপিকা পাড়ুকোনের সরে দাঁড়ানো থেকে প্রিয়াঙ্কা চোপড়ার অফার নাকচ— বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিল এই ছবি। অবশেষে এই ছবির শ্যুটিং শুরু হল। সম্প্রতি ক্যামেরার পিছনের ছবি শেয়ার করেছেন অমিতাভ। লিখেছেন, ৪০ বছর পর কমল হাসানের সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা। তাঁর লেখনীতে, ‘দ্য গ্রেট কমল হাসানের সঙ্গে দেখা।’ সেটে কমলকে জড়িয়েও ধরেছিলেন বিগ বি। ১৯৮৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘গ্রেপ্তার’ ছবিতে শেষবার একসঙ্গে দেখা গিয়েছিল অমিতাভ ও কমলকে। চার দশক পর ফের তাঁদের যুগলবন্দি যে নতুন ছবিকে অন্যমাত্রা দেবে, তা বলাই বাহুল্য। উল্লেখ্য, ‘কল্কি: ২৮৯৮ এডি’ ছবিতেও ছিলেন অমিতাভ ও কমল। যদিও তাঁদের একফ্রেমে দেখা যায়নি। ফলে একসঙ্গে শ্যুটিংও করতে হয়নি দুই তারকাকে। এবার শ্যুটিং সেটে দেখা হল দু’জনের। এই ছবিতে অশ্বত্থামার চরিত্রে দেখা যাবে অমিতাভকে। আর কমল থাকছেন সুপ্রিম ইয়াকসিনের ভূমিকায়।