


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘আনফিট’ গাড়ি মা ফ্লাইওভারে যাতে উঠতে না পারে, তার জন্য নয়া পদক্ষেপ নিতে চলেছে কলকাতা ট্রাফিক পুলিশ। লালবাজারে শুক্রবার সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে কলকাতা পুলিশের ডিসি (ট্রাফিক) সম্ভব জৈন জানিয়েছেন, ‘কলকাতা পুলিশের পক্ষ থেকে এরজন্য ইতিমধ্যেই ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার বা ‘নিক’-কে রিয়েল টাইম ফিডের জন্য চিঠি পাঠনো হয়েছে। এই ফিড হাতে পেলে ‘আনফিট’ গাড়ির বিরুদ্ধে ফ্লাইওভারে উঠার আগেই ব্যবস্থা নিতে পারবে সার্জেন্টরা।
উল্লেখ্য, দিনের ব্যস্ত সময়ে মা ফ্লাইওভারে গাড়ি খারাপ হয়ে যানজট রোজকার যন্ত্রণা হয়ে দাঁড়িয়েছে। মা ফ্লাইওভারে হঠাৎ করে গাড়ির তেল ফুরিয়ে যাওয়া, গাড়ি খারাপ যাওয়ার মতো ঘটনা ঘটলে, যানজটে নাকাল হতে হয় যাত্রীদের। পাশাপাশি, কলকাতায় থাকলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও এই ফ্লাইওভার হয়ে তাঁর চিনার পার্কের বাসভবনে যাতায়াত করেন। মুখ্যমন্ত্রীর আপত্তি সত্ত্বেও তাঁর কনভয় যাতায়াতের সময়, হঠাৎ করে সাধারণ মানুষের জন্য মা ফ্লাইওভারের দরজা বন্ধ করে ট্রাফিক পুলিশ। এতেই সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছে।
পরিস্থিতি বিবেচনা করে, কলকাতা ট্রাফিক পুলিশ শহরের বিভিন্ন ‘স্ট্র্যাটেজিক লোকেশনে’ ডিসপ্লে বোর্ড বসিয়ে এই ফ্লাইওভার খোলা না বন্ধ থাকার যানচালকদের
আগাম জানিয়ে দিতে চাইছে। কারণ, ওঠার মুখে হঠাৎ
করে মা ফ্লাইওভার বন্ধ করে সংলগ্ন রাস্তা যানজটে লন্ডভন্ড হয়ে যায়। পাশাপাশি, লালবাজার জানিয়েছে, গোটা মা ফ্লাইওভার আপৎকালীন পরিস্থিতির কথা মাথায় রেখে, খারাপ হওয়া যানবাহন রেকার দিয়ে সরানোর জন্য ফ্লাইওভারের ডিভাইডার বা মাঝ বরাবর কাট আউটের সংখ্যা বাড়ানো হয়েছে।