


নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘দেবী চৌধুরানী’। সেই উপন্যাসকে অবলম্বন করেই নির্মিত হচ্ছে সিনেমা। মুখ্য চরিত্রে অর্থাৎ ‘দেবী চৌধুরানী’র চরিত্রে অভিনয় করতে দেখা যাবে শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে। ভবানী পাঠকের চরিত্রে থাকছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সিনেমাটি পরিচালনা করছেন শুভ্রজিৎ মিত্র। চলতি বছরেই পুজোয় মুক্তি পাওয়ার কথা রয়েছে। আর আজ, বৃহস্পতিবার সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মবার্ষিকীতে বিশেষ চমক দিল ‘দেবী চৌধুরানী’র কলাকুশলীরা। এদিন উত্তর ২৪ পরগনার নৈহাটিতে সাহিত্য সম্রাটের বাসভবনে গিয়েছিলেন অভিনেতা প্রসেনজিৎ, অভিনেত্রী শ্রাবন্তী, দর্শনা বণিক, বিবৃতি চট্টোপাধ্যায়রা। সেখানে গিয়ে সাহিত্য সম্রাটের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধাজ্ঞাপন করেন প্রসেনজিৎ-শ্রাবন্তীরা। দেখা করেন বঙ্কিম বিশেষজ্ঞ ডক্টর রতন চন্দ্র দের সঙ্গে।
সাহিত্য সম্রাটের লেখা ‘আনন্দমঠ’ উপন্যাসের প্রথম সংস্করণের পাণ্ডুলিপি ঘেঁটে দেখেন প্রসেনজিৎ। সাহিত্যিক বঙ্কিমচন্দ্রের উপন্যাস ‘দেবী চৌধুরানী’র অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র ভবানী পাঠক। সেই চরিত্রে অভিনয় করছেন প্রসেনজিৎ। এদিন সেই বিষয়ে প্রসেনজিৎ বলেন, ‘বঙ্কিমবাবু অদ্ভূতভাবে ঐতিহাসিক চরিত্রগুলিকে সাধারণ মানুষের কাছে সহজেই পৌঁছে দিয়েছেন। যা অকল্পনীয়। তাঁর লেখা এইরকম একটি ঐতিহাসিক উপন্যাসের সঙ্গে যুক্ত হয়ে অভিনেতা ও বাঙালি হিসেবে আমি আপ্লুত।’ তবে এদিন শুধুই সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িই নয়। নৈহাটিতে বড়মায়ের মন্দিরে গিয়েছে ‘দেবী চৌধুরানী’র স্টারকাস্ট।