


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: লোকনাথ বাবার জন্মতিথি উপলক্ষ্যে বাড়তি লোকাল ট্রেন চালাবে রেল। আগামী ১৫ ও ১৬ আগস্ট অর্থাৎ শুক্রবার ও শনিবার এই তিথি পড়েছে। বাংলা সহ ভিন রাজ্যের অগণিত ভক্ত এই দু’দিন কচুয়া ধামমুখী হবেন। তাঁদের সুবিধার্থে এই দু’দিন এক জোড়া স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। কচুয়া ধামে পৌঁছতে গেলে নিকটবর্তী কাঁকড়া মির্জানগর হল্ট স্টেশনে নামতে হয়। শিয়ালদহ ডিভিশনের বারাসত-হাসনাবাদ সেকশনের অন্তর্গত এই কাঁকড়া মির্জানগর হল্ট স্টেশনটি। তাই এই দু’দিন বারাসত-হাসনাবাদ রুটে বাড়তি এক জোড়া ট্রেন চলবে। এই দু’দিন বারাসত থেকে বেলা ১২টা ১৫ মিনিটে ছাড়বে ট্রেন। দুপুর ১টা ৩৮ মিনিটে সেটি হাসনাবাদে পৌঁছবে। ডাউনে বিশেষ ট্রেনটি বেলা ২টো ২৫ মিনিটে রওনা দেবে। বিকেল পৌনে ৪টে নাগাদ ট্রেনটি বারাসত স্টেশনে ঢুকবে। যাত্রাপথের সমস্ত স্টেশনেই থামবে এই ট্রেন।