


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভোটারদের ঠিকানা যাচাইয়ের জন্য নির্বাচন কমিশন থেকে নথি আসছে কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের কাছে। এক্ষেত্রে সংশ্লিষ্ট ভোটারের সেলফ ডিক্লারেশন ও কাউন্সিলারের শংসাপত্র সহ সেই ফর্ম কমিশনের কাছে পাঠানোর নির্দেশ দিল লালবাজার। বুধবার এক অনলাইন বৈঠকে সব অফিসারকে বিষয়টি জানিয়ে দিয়েছেন কলকাতা পুলিশের কর্তারা।
ইনিউমারেশন ফর্ম বিলি করতে গিয়ে বহু ভোটারের হদিশ পাননি বিএলওরা। তাঁরা কমিশনকে যে রিপোর্ট পাঠিয়েছেন, তাতে লিখেছেন, ওই ঠিকানায় সংশ্লিষ্ট ভোটার দীর্ঘদিন থাকেন না। তাই নাম বাদ পড়েছে। এই ধরনের ভোটারদের অনেকেই কমিশনের কাছে আর্জি জানিয়েছেন, তাঁরা ওই বাড়ি বা ফ্ল্যাটেই থাকেন। ব্যক্তিগত কাজে হয়তো বাইরে গিয়েছিলেন। কমিশন ওই ঠিকানা যাচাই করার জন্য সমস্ত নথি লালবাজারের স্পেশাল ব্রাঞ্চের কাছে পাঠাচ্ছে। কীভাবে তা যাচাই করা হবে, সেই নির্দেশিকা তৈরি করে দিয়েছেন পুলিশ কর্তারা। লালবাজার সূত্রে খবর, প্রথমে সংশ্লিষ্ট ভোটারকে ফোন করে ডাকতে হবে। তারপর তাঁর কাছ থেকে একটি সেল্ফ ডিক্লারেশন নেওয়ার কথা বলা হয়েছে। তাতে ভোটার উল্লেখ করবেন, ওই ঠিকানায় তিনি দীর্ঘদিন বসবাস করেন। কিন্তু ব্যক্তিগত প্রয়োজনে ফর্ম বিলির সময় বাড়িতে ছিলেন না। এখন তিনি থাকছেন। সেইসঙ্গে স্থানীয় কাউন্সিলার এই মর্মে শংসাপত্র দেবেন যে, ওই ভোটার সংশ্লিষ্ট ঠিকানাতেই থাকেন। তবে বিষয়টি সন্দেহজনক মনে হলে অফিসার নিজে যাবেন ওই ঠিকানায় এবং আশপাশের বাসিন্দাদের সঙ্গে কথা বলে জেনে নেবেন, ওই ভোটার এখানে থাকেন কি না। যাচাইয়ের পর এইসব নথি পাঠাতে হবে কমিশনের দপ্তরে। যাঁদের নথি পুলিশের কাছে আসছে, তাঁদের সকলের ঠিকানায় পরে যাবেন অফিসাররা। সেই রিপোর্ট তথ্যভাণ্ডারে রেখে দেওয়া হবে। যাতে ভবিষ্যতে কোনও প্রশ্ন উঠলে তা ফের পেশ করা যায়।