


সংবাদদাতা, বজবজ: পর্যাপ্ত খাস জমি না মেলায় বিভিন্ন সরকারি প্রকল্পের কাজ করতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে প্রশাসনকে। কলকাতা ঘেঁষা ঠাকুরপুকুর-মহেশতলা ব্লকে এই সমস্যা প্রকট। তাই এবার খাস জমি চিহ্নিত করার কাজে নেমেছেন সংশ্লিষ্ট ব্লক ভূমি সংস্কার অফিসের আধিকারিকরা। আগামী দিনে এই তল্লাটে সরকারি কোনও প্রকল্পের কাজ করতে গিয়ে জমি না থাকার কারণে যাতে হয়রান না হতে হয়, তার জন্যই এই উদ্যোগ বলে জানানো হয়েছে।
ইতিমধ্যেই ওই ব্লকের গাণ্যেগঙ্গাধরপুর মৌজা এবং কলাগাছিয়া মৌজায় দু’টি দাগ নম্বরে খাস জমি চিহ্নিত হয়েছে। তা সরকারিভাবে নথিভুক্ত করে সংশ্লিষ্ট দাগের জমিতে রাজ্য সরকারের ভূমিসংস্কার দপ্তরের সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়েছে, যাতে কোনওভাবে কেউ দখল নিতে না পারে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এমন খাস জমি আরও আছে। রেকর্ড ঘেঁটে তার একটি তালিকা তৈরির কাজ চলছে। তারপর ময়দানে নেমে সেই সব জমি দখল নেওয়ার প্রক্রিয়া শুরু হবে। জেলা প্রশাসনের এক শীর্ষ আধিকারিকের কথায়, ‘এখন নানাবিধ সরকারি প্রকল্পের কাজ চলছে সব সময়। ঠাকুরপুকুর-মহেশতলা ব্লকে অনেক খাস জমি আছে। কিন্তু এমনভাবে সেগুলি দখল হয়ে আছে যে ধরা যাচ্ছে না। এই সমস্যার কারণে পানীয় জল প্রকল্পের সময় পর্যাপ্ত জমি পেতে ব্যাপক সমস্যা হয়। বাধ্য হয়ে ওই প্রকল্পের জন্য রায়ত জমির মালিকদের শরণাপন্ন হতে হয়। এসে যায় অনেক বাধ্যবাধকতা। সব মিলিয়ে প্রকল্পের কাজ শুরু হতে বিলম্ব হয়। খাস জমি থাকলে এই সমস্যা হতো না। এই আবহেই এবার খাস জমি চিহ্নিত করার সিদ্ধান্ত হয়েছে। ভূমিসংস্কার অফিসের আরআই পদাধিকারীরা এখন আশুতি ১, আশুতি ২, চট্টা ও রসপুঞ্জতে খাস জমির অনুসন্ধান চালাচ্ছেন। রেকর্ড ধরে ধরে খোঁজা হচ্ছে খাস জমি। নিজস্ব চিত্র