


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের পরে পলিটেকনিক কলেজ এবং আইটিআইগুলিতে ভর্তি প্রক্রিয়া শুরু করে দিল কারিগরি ভবন। ১০ জুন পর্যন্ত অনলাইনে (https://wbscvt.in) আবেদন করতে পারবেন ছাত্রছাত্রীরা। গতবছর থেকেই অভিন্ন ভর্তি প্রক্রিয়ার মাধ্যমে পলিটেকনিক এবং আইটিআইগুলির আসন পূরণ করছে রাজ্যের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সংসদ। এবারও সেই পদ্ধতি। যে জেলায় সংশ্লিষ্ট পলিটেকনিক কলেজ এবং আইটিআই রয়েছে, সেই জেলার ছাত্রছাত্রীদের জন্য আসনের ৫০ শতাংশ সংরক্ষিত থাকবে। বাকি আসনে ওই জেলাসহ অন্য জেলার ছাত্রছাত্রীরা ভর্তি হতে পারবেন।
ভর্তির ক্ষেত্রে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের সর্বমোট নম্বরে ৫০ শতাংশ এবং বিজ্ঞানের বিষয়গুলিতে ৫০ শতাংশ ওয়েটেজ দেওয়া হবে। এবছরও কোনও প্রবেশিকা পরীক্ষা নেই। ছাত্রীদের জন্য আবেদনের ফি’তে রয়েছে বিশেষ ছাড়। পলিটেকনিকে ছাত্রদের আবেদন করতে খরচ ৪৫০ টাকা। কন্যাশ্রীতে নাম নথিভুক্ত থাকলে সংশ্লিষ্ট ছাত্রী অর্ধেক টাকা দিয়েই আবেদন জানাতে পারবেন। আইটিআইয়ে ছাত্রদের আবেদনের খরচ ২০০ টাকা। ছাত্রীদের ক্ষেত্রে তা ১০০ টাকা। একইসঙ্গে বৃত্তিমূলক উচ্চ মাধ্যমিকেও ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। রাজ্যের ১২৬৩টি স্কুলে এই কোর্স চলে।